১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘প্রায় নিখুঁত’ ম্যাচের পরও দলকে উন্নতির ডাক ফ্লিকের

বার্সেলোনা কোচের মতে, নিখুঁত বলতে কিছু নেই, সবসময়ই আরও ভালো করার সুযোগ থাকে।

‘প্রায় নিখুঁত’ ম্যাচের পরও দলকে উন্নতির ডাক ফ্লিকের
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 03:59 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ভালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়েও মাটিতে পা রাখছেন হান্সি ফ্লিক। দলকে একরকম সতর্কবার্তা দিয়ে বার্সেলোনা কোচ বলেছেন, এখনও অনেক উন্নতির সুযোগ আছে তাদের।

মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে বার্সেলোনার। রোববার লা লিগার ম্যাচে ভালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এবার স্পেনের শীর্ষ লিগে কেবল তারাই ধরে রেখেছে শতভাগ জয়ের ধারা। 

দাপুটে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল। জালের দেখা পেয়েছেন বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়া, সহ-অধিনায়ক পেদ্রি ও মিডফিল্ডার ফের্মিন লোপেস।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ফ্লিক। 

“সবকিছুই অনুশীলনের মানের ওপর নির্ভর করে। যখন আমি এটা দেখি, আমরা কীভাবে খেলতে পারি তখন তা নিয়ে আত্মবিশ্বাস পাই।

“আজ আমরা দুর্দান্ত খেলেছি, প্রায় নিখুঁত। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, আমরা আধিপত্য দেখিয়েছি। আমি এটাই চাই- ম্যাচ নিয়ন্ত্রণ করা এবং জায়গা বের করার চেষ্টা করা। আমরা সেটা করতে পেরেছি। তবে কোনো কিছুই নিখুঁত নয়। সবসময়ই উন্নতির সুযোগ থাকে। আমরা আরও ভালো করতে পারি।”

লিগে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের তিনটিতেই পাঁচটি করে গোল করল বার্সেলোনা। চার ম্যাচে তাদের মোট গোল এখন ১৭টি। অস্থায়ীভাবে স্ট্রাইকারের ভূমিকায় খেলা হাফিনিয়া ইতোমধ্যে করেছেন ছয় গোল। লোপেস ও ইয়ামালের গোলসংখ্যা চারটি করে।

অথচ গ্রীষ্মের দলবদলের সময় নতুন একজন স্ট্রাইকারের সন্ধানে ছিল বার্সেলোনা। রবের্ত লেভানদোফস্কি, ফেররান তরেস ও মার্কাস রাশফোর্ড দল ছাড়ার পর আক্রমণভাগে একজন খেলোয়াড় প্রয়োজন হয়ে পড়েছিল তাদের।

আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেসকে দলে ভেড়ানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত গাব্রিয়েল জেসুসকে দলে নেয় বার্সেলোনা। ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে কাতালান ক্লাবটির হয়ে অভিষেকও হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

বর্তমান দলের গোল করার সামর্থ্য দেখে বার্সেলোনার স্ট্রাইকারের প্রয়োজন কমে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, “এতে আমাদের ভাবনায় কোনো পরিবর্তন আসছে না।”

“আমাদের মূলত একজন প্রকৃত নাম্বার নাইন (স্ট্রাইকার) প্রয়োজন—এটা পরিষ্কার। তবে আক্রমণভাগে আমাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। মাঝমাঠেও আছে। সবাই গোল করতে পারে।

“পেদ্রি আজ গোল করায় আমিও খুশি। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, আমরা কীভাবে খেলি, কীভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করি এবং কীভাবে জায়গা কাজে লাগাই। তবে ‘ওয়ান অন ওয়ান’ পরিস্থিতিতে আমাদের দারুণ দক্ষতা আছে, ফিনিশিংয়েও আমাদের মান অনেক ভালো।”

চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা। ৯ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে রেয়াল মাদ্রিদ ও রেয়াল বেতিস।