সব ধরনের ফুটবল বন্ধ করল কাতার, ফিনালিস্সিমা নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে আক্রমণ করার পর দোহায় অনুষ্ঠেয় ম্যাচ নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশে সবধরনের ফুটবল বন্ধ করেছে কাতার। এতে চলতি মাসের শেষ দিকে দোহায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিস্সিমা নিয়ে জেগেছে শঙ্কা।
কাতার ফুটবল অ্যাসোসিয়েশন ঘরোয়া খেলা বন্ধ করার ঘোষণায় এই আক্রমণের কথা উল্লেখ করেনি। কেবল বলেছে, পরবর্তীতে যথা সময়ে নতুন সূচি ঘোষণা করা হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর জবাব দিচ্ছে ইরান। ইসরায়েলে হামলা করেছে দেশটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা, এর মধ্যে আছে কাতারও।
হামলা হচ্ছে বিমানবন্দরগুলোতেও। উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছে আনুমানিক ৩ লাখ মানুষ। বিশ্বজুড়ে বাতিল হয়েছে ৩৪ সহস্রাধিক ফ্লাইট। হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে। এর পাল্টায় সর্বোচ্চ ধর্মীয় নেতার ‘হত্যাকারীদের’ সাজা দেওয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ’ চালানোর অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি।
এই পরিস্থিতিতে আগামী ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের ম্যাচ আয়োজন নিয়ে কোনো পরিষ্কার বার্তা পাওয়া যায়নি। এই ম্যাচ দিয়ে প্রথমবার মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের।
এই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই মহাদেশের ফুটবলের দুই নিয়ন্তা সংস্থা। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র ইএসপিএনকে বলেছে, ম্যাচ স্থগিতের কোনো খবর এখনও নেই।
এদিকে রোববার মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে এএফসি। তারা বলেছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট শেষ ষোলোর ম্যাচগুলো হবে নতুন সূচিতে।
