১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৬-০, ৬-০ গেমে হারের ম্যাচে র‍্যাকেট ভাঙলেন মেদভেদেভ

ক্যারিয়ারে প্রথম ‘ডাবল ব্যাগেল’ পরাজয়ের তেতো স্বাদ পেলেন রুশ তারকা।

৬-০, ৬-০ গেমে হারের ম্যাচে র‍্যাকেট ভাঙলেন মেদভেদেভ
বারবার মাটিতে ছুড়ে র‍্যাকেট ভেঙে ফেলেন দানিল মেদভেদেভ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 11:38 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ম্যাচ তখনও শেষ হয়নি। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটের মাঝপথে মেজাজ হারিয়ে ফেললেন দানিল মেদভেদেভ। একবার কিংবা দুইবার নয়, পাঁচবার র‍্যাকেট ছুড়ে মারলেন রুশ তারকা। পরে আরেকবার র‍্যাকেট হাতে ধরে রেখেই মাটিতে সজোরে আঘাত করলেন। মাঝখানে ভেঙে চুরমার হয়ে গেল র‍্যাকেট। এরপর সেটি ফেলে দিলেন কোর্টের পাশের ডাস্টবিনে। 

মন্টে কার্লো মাস্টার্সে বুধবার এই কাণ্ড ঘটান মেদভেদেভ। শেষ বত্রিশের ম্যাচে র‍্যাঙ্কিংয়ের ৯০ নম্বর খেলোয়াড় ইতালির মাত্তেও বেরেত্তিনির বিপক্ষে স্রেফ ৪৯ মিনিটে ৬-০, ৬-০ গেমে হারেন তিনি।

দুই সেটে একটিও গেম জিততে না পারাকে টেনিসের পরিভাষায় বলা হয় ‘ডাবল ব্যাগেল।’ ক্যারিয়ারে প্রথমবার এই তেতো স্বাদ পেলেন র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা মেদভেদেভ।

৩০ বছর বয়সী এই খেলোয়াড় এ দিন ২৮টি ‘আনফোর্সড এরর’ ও পাঁচটি ‘ডাবল ফল্ট’ করেন।

টেনিস কোর্টে মেদভেদেভের মেজাজ হারিয়ে ফেলার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের এক পর্যায়ে র‌্যাকেট ছুড়ে ক্যামেরা ভেঙে ফেলেছিলেন তিনি। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য তাকে ৭৬ হাজার ডলার জরিমানা করেছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ।