ইফতার বিরতিতে দর্শকদের দুয়ো, ক্ষুব্ধ গুয়ার্দিওলা বললেন ‘সম্মান করতে হবে’
মুসলিম ফুটবলারদের ইফতারের সময় দর্শকেরা অসম্মান করায় ক্ষোভ প্রকাশ করলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
ম্যাচের বয়স তখন ১৩ মিনিটের মতো হয়েছে। হঠাৎ রেফারি থামিয়ে দিলেন খেলা। মাঠের বড় পর্দায় ভেসে উঠল, “আজকের ম্যাচটি যেহেতু পবিত্র রমজান মাসের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, খেলা সাময়িকভাবে থামানো হয়েছে যাতে খেলোয়াড়রা ইফতার করার সুযোগ পায়।” ছোট্ট সেই বিরতিতেই গ্যালারি থেকে ভেসে এলো দুয়োধ্বনি। ম্যাচের পর দর্শকদের এমন আচরণের সমালোচনা করলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচটিতে শনিবার লিডস ইউনাইটেডের মাঠে ১-০ গোলের জয় পায় ম্যানচেস্টার সিটি।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে খেলা থামানো নয়। পশ্চিম ইয়র্কশায়ারে তখন ছিল সূর্য ডোবার সময়। ম্যানচেস্টার সিটির ওমার মার্মুশ, হায়ান শেহ্কি ও রায়ান আইত-নুরিকে দেখা যায় তরল পান করতে। ডাগআউটে পানীয় পান করতে দেখা যায় সিটির আরেক মুসলিম ফুটবলার আব্দুকদির খুসানভকে। তখনই গ্যালারি থেকে ভেসে আসে দুয়োর সুর।
মুসলিম ফুটবলারদের প্রতি অসম্মান করায় ম্যাচের পর দর্শকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সিটির কোচ।
“এটা আধুনিক দুনিয়া, তাই না? গোটা দুনিয়ায় কী হচ্ছে, আরেকবার দেখে নিন আজকে।”
“ধর্ম ও বৈচিত্রকে সম্মান করতেই হবে, এটিই হলো মূল ব্যাপার। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে যে, রোজার জন্য দু-এক মিনিট সময় নেওয়া যেতে পারে (ইফতারের জন্য)। ফুটবলাররা সেটিই করেছে। যেমন হওয়া উচিত, তেমনই হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে… (দুয়ো দেওয়া হয়েছে)”
ঘটনার পর একটি বিবৃতি প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী সংস্থা ‘কিক ইট আউট।’
“এটা প্রচণ্ড হতাশাজনক যে, আজ এল্যান্ড রোডে ম্যাচের প্রথমার্ধে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা যখন ইফতার করেছিল, তখন কিছু লিডস ইউনাইটেড সমর্থক দুয়ো দিচ্ছিল। স্টেডিয়ামের বড় পর্দায় ব্যাখ্যা প্রদর্শিত হওয়ারও এমনটি হওয়ায় ব্যাপারটি আরও দুঃখজনক।”
“রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের ইফতার করার জন্য খেলা বন্ধ রাখা বেশ কয়েক বছর ধরেই একটি স্বীকৃত নিয়ম। মুসলিম খেলোয়াড় এবং সম্প্রদায়ের জন্য খেলাটিকে আলিঙ্গন করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ এবং দৃশ্যমান অংশ। কিন্তু আজ রাতের প্রতিক্রিয়ায় ফুটে উঠছে, শিক্ষা এবং গ্রহণযোগ্যতার দিক থেকে ফুটবলকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”
লিডসের সহকারী কোচ এডমান্ড রিমারও হতাশার কথা জানালেন ম্যাচের পর।
“আমার সবটুকু মনোযোগ খেলার দিকে ছিল এবং সত্যি বলতে (দুয়ো) শুনতে পাইনি। তবে এমনটি হওয়ায় কিছু সমর্থকের প্রতি আমরাও হতাশ।”
