১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘চ‍্যাম্পিয়ন্স লিগ বা বিশ্বকাপ জিতলেই ব‍্যালন দ’র দেওয়া উচিত নয়’

রেয়াল মাদ্রিদ জোসে মরিনিয়ো কোচ মনে করেন, গত গ্রীষ্মে ইতিহাস গড়া খেলোয়াড়দের ব‍্যালন দ’র জেতা উচিত।

‘চ‍্যাম্পিয়ন্স লিগ বা বিশ্বকাপ জিতলেই ব‍্যালন দ’র দেওয়া উচিত নয়’
জোসে মরিনিয়ো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 07:13 PM

Updated : 16 Sep 2026, 01:01 PM

ব‍্যালন দ’র নিয়ে কৌতুহল জাগানিয়া মন্তব‍্য করলেন জোসে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচের মতে, চ‍্যাম্পিয়ন্স লিগ কিংবা বিশ্বকাপ জিতলেই কারও এই পুরস্কার পাওয়া উচিত নয়।

সরাসরি নাম না বললেও ইঙ্গিতে হয়তো তিনি বুঝিয়ে দিলেন, এবার ব‍্যালন দ’র জেতা উচিত কিলিয়ান এমবাপের। 

গত মৌসুমে ব‍্যক্তিগত নৈপুণ‍্যে উজ্জ্বল ছিলেন এমবাপে। লা লিগা, চ‍্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রেয়ালের এই ফরাসি ফরোয়ার্ড। লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলও তারই। তবে ক্লাব ও দেশের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি এমবাপে।  

এবারের মৌসুমেও ভালো শুরু করেছেন এমবাপে। তিন গোল করে তিন জনের সঙ্গে য‍ৌথভাবে আছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে। রোববার এককভাবে চূড়ায় ওঠার হাতছানি তার সামনে। সেদিন মালাগার মুখোমুখি হবে রেয়াল। 

এর আগের দিন সংবাদ সম্মেলনে ব‍্যালন দ’র নিয়ে নিজের মত জানালেন মরিনিয়ো।

“আমার মতে, অবসর নেওয়ার সময় খেলোয়াড়দের ব‍্যালন দ’র দেওয়া উচিত, আমরা সারাজীবন তাদের অভাব অনুভব করব। আমি মারাদোনা, (রোনালদো) নাজারিও, মেসি, জিদান, মাথেউসদের… মিস করি। চ‍্যাম্পিয়ন্স লিগ বা বিশ্বকাপ জিতেছে বলেই কাউকে আপনি ব‍্যালন দ’র দিতে পারেন না। চ‍্যাম্পিয়ন্স লিগের জন‍্য দিলে লুইস এনরিকেকে ব‍্যালন দ’র দিন, বিশ্বকাপের জন‍্য অবশ‍্যই এটা লুইস দে লা ফুয়েন্তের প্রাপ‍্য।

“আরেকটা ব‍্যাপার হলো বিশ্বের সেরা। সেটা পিএসজি বা স্পেনের হতে হবে এমন নয়। এখানে দুই, তিন কিংবা চারজন থাকতে পারে। আমরা সবাই জানি তারা কারা। তারা আছে এখানে। আমরা জানি, এই গ্রীষ্মে কে ইতিহাস গড়েছে। ব‍্যালন দ’রে রাজনীতি আছে আর যদি রাজনীতি সম্পৃক্ত হয়, তখন সেটা আর ততটা পছন্দের থাকে না। আপনারা এরই মধ‍্যে ব‍্যালন দ’র নিয়ে আমার ভাবনা জানেন। আমরা সেটা স্পেন বা পিএসজিতে আবিষ্কার করতে যাচ্ছি না। সেখানে লুইস এনরিকে বা দে লা ফুয়েন্তে আছেন। সেরা খেলোয়াড় আছে অন‍্য কোথাও।”