Published : 25 Jun 2026, 11:13 PM
চার বছরের মধ্যে প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে রাশিয়ার একটি দল খেলতে পারে। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা বলেছে, প্রথমবারের মতো অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসবে ফিফার সব সদস্য অংশ নিতে পারবে।
আজারবাইজানে আগামী অক্টোবরে হবে এই টুর্নামেন্টে।
২০২২ সালে ইউক্রনে আক্রমণের পর রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল নিষিদ্ধ করে ফিফা। পরের বছর ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৭ দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তারা।
এখনও আগ্রাসন চালিয়ে যাওয়ায় ইউক্রেন ও ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ রাশিয়াকে বয়কট করছে। এতে ফিফা ও উয়েফার টুর্নামেন্টগুলোতে অনুপস্থিতই থাকছে দেশটির অনূর্ধ্ব-১৭ দল।
ফিফা বুধবার এক বিবৃতিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসব নিয়ে বলেছে, প্রথম আসরে ফিফার সব সদস্য অ্যাসোসিয়েশনের ছেলেদের দল অংশ নিতে পারবে। পরের বছর বসবে মেয়েদের আসর। সেখানে কেবল মেয়েদের দল অংশ নিতে পারবে।
২০২৮ সাল থেকে প্রতিটি অ্যাসোসিয়েশন ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৫ দল দুটি ভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এবার আসর ২২ অক্টোবর শুরু হয়ে শেষ হবে নয় দিন পর।