‘মেসিকে সামলানো গুরুত্বপূর্ণ’, সেমি-ফাইনালের আগে কানাডা কোচ
সেমি-ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে হলে জীবনের সেরা খেলাটা খেলতে হবে, বলছেন কানাডা কোচ জেসি মার্শ।
এবারের কোপা আমেরিকায় ঠিক সেরা চেহারায় নেই লিওনেল মেসি। এখনও কোনো গোলের দেখা তিনি পাননি। তবে তার মতো একজনকে তো বিবেচনার বাইরে রাখা যায় না কখনোই। জ্বলে উঠতে পারেন তিনি যে কোনো সময়ই। তাছাড়া প্রথম ম্যাচে কানাডার কানাডার রক্ষণভাগের বেশ পরীক্ষা নিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সেমি-ফাইনালে তাই তাকে আটকে রাখায় বাড়তি মনোযোগ দেওয়ার বার্তা দিয়ে রাখলেন কানাডা কোচ জেসি মার্শ।
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও খেলেছে এই দুই দল। সেদিন ২-০ গোলের জয় পায় টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীরা।
প্রথমার্ধে সেই ম্যাচে আর্জেন্টিনাকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে আর পারেনি প্রথমবার কোপা আমেরিকা খেলতে আসা কানাডা। ৪৯তম মিনিটে হুলিয়ান আলভারেস ও ৮৮তম মিনিটে গোল করেন লাউতারো মার্তিনেস।
দ্বিতীয় গোলটিতে সহায়তা করেন মেসি। এছাড়া পুরো ম্যাচেই বেশ কয়েকবার কানাডার রক্ষণে বিপজ্জনক হয়ে ওঠেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী তারকা। কানাডা কোচের মতে, সেদিন মেসিকে একটু বেশিই মুক্ত করে দিয়েছিলেন তারা। সেমি-ফাইনালে সেই ভুল আর দেখতে চান না তিনি।
“মেসিকে আরও ভালোভাবে সামলানো গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে আমরা তাকে বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিলাম। এটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে৷”
গ্রুপ পর্বের ম্যাচটিতে ৩৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল কানাডার কাছে। আর্জেন্টিনার ১৯টি শটের বিপরীতে তারা নিতে পারে ১০ শট। এর মধ্যে মাত্র ২টি ছিল লক্ষ্যে।
এখন বাস্তবতা ভিন্ন। তাদের সামনে হাতছানি এখন ফাইনালে ওঠার। শেষ চারের ম্যাচে তাই আরও আক্রমণাত্মক খেলার বার্তা দিয়ে রাখলেন কানাডা কোচ।
“আমাদের জন্য এটি দারুণ এক সুযোগ। আমাদের ইতিবাচক ও আক্রমণাত্মক থাকতে হবে।"
“আমরা শুধুমাত্র রক্ষণ সামলাব না। আমরা যেভাবে খেলতে চাই, সেটি মেলে ধরার চেষ্টা করব। দেখা যাক, সেটি চালিয়ে যেতে পারি কি না।”
তবু বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে পেরে ওঠা যে অনেক কঠিন হবে, তা ভালোভাবেই জানেন ফিফা র্যাঙ্কিংয়ে ৪৭ ধাপ পিছিয়ে থাকা দলটির কোচ।
“আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জীবনের সেরা ম্যাচটি খেলতে হবে। এমনকি সেটিও হয়তো (জয়ের জন্য) যথেষ্ট হবে না। তবে আমরা চেষ্টা করব।”
