২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর একাদশে ‘থাকছেন’ রোনালদো

গোলের জন‍্য সবচেয়ে বড় ভরসা, পর্তুগিজ মহাতারকাকে বেঞ্চে রাখার কোনো পরিকল্পনা নেই কোচ রবের্তো মার্তিনেসের।

শুরুর একাদশে ‘থাকছেন’ রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো (বাঁয়ে) ও রবের্তো মার্তিনেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 04:59 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রাখার কথা উঠছে। কিন্তু তাতে কান দিচ্ছেন না রবের্তো মার্তিনেস। পর্তুগাল কোচ বলেছেন, গোলের জন‍্য সবচেয়ে বড় ভরসা, অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে সবসময় মাঠে চান তিনি।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম‍্যাচে মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে খেলবে পর্তুগাল। ম‍্যাচের আগে পর্তুগিজ মহাতারকার পাশে দাঁড়ালেন কোচ। 

“আমরা এমন একটা দল, যারা বল দখলে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই। দ্রুত প্রতি আক্রমণে যেতে চাই। এমন একটা খেলোয়াড় দলে দরকার, যার মুভমেন্টে জায়গা তৈরি হবে। ক্রিস্তিয়ানো এই কাজে অন্যতম সেরাদের একজন।”

“সে এমন একজন খেলোয়াড়, যে লম্বা সময় ধরে তার দেশের হয়ে খেলছে এবং তার পক্ষে কথা বলা যায়। প্রতিনিয়ত উন্নতি করতে চায় সে। দলের জন্য সে সত্যিকার অর্থেই একজন রোল মডেল।”

নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া। তাদের সঙ্গে লড়াইয়ে থাকতে বিশ্বকাপে অভিষিক্ত দেশটির বিপক্ষে জয় কতটা গুরুত্বাপূর্ণ তা ভালো করেন জানেন মার্তিনেস।

“দলের মধ্যে খানিকটা হতাশা আছে। আমার মনে হয়, আগামীকাল (মঙ্গলবার) একটি দল হিসেবে খেলতে পারব। ৯০ মিনিট জুড়ে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য খেলোয়াড়রা প্রস্তুত।”

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোল ড্রয়ের পর হওয়া সমালোচনা নিয়ে ভাবছেন না পর্তুগাল কোচ। বরং উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দলের মধ‍্যে আরও বেশি ঐক্য দেখছেন তিনি।

আফ্রিকান দলটির বিপক্ষে ম্যাচের ৭৫ শতাংশ বল দখলে রেখে গোল পেয়েছিল কেবল একটি। সাত শটের কেবল একটিই লক্ষ‍্যে ছিল, ষষ্ঠ মিনিটে যেটা জালে পাঠিয়েছিলেন জুয়াও নেভ্স।

আগের ম্যাচের ভুল শুধরে সামনে এগোতে চান কোচ মার্তিনেস। 

“আমরা এখন শক্তিশালী এবং পুরোপুরি মনোযোগ রেখেছি। এবং দল এখন আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ। এটা একটা প্রক্রিয়া। দলের ভেতরে কোনো ধরনের মানসিক চাপ নেই।”

“খারাপ ফলের পর সমালোচনা হওয়াটা স্বাভাবিক। মাঝেমধ্যে এটা অশোভন বা নেতিবাচক। তবে আমরা কীভাবে প্রস্তুত হচ্ছি, এতে এটা কোনো প্রভাব ফেলে না।”

এই ম্যাচের আগে স্বস্তির খবর আছে পর্তুগাল সমর্থকদের জন্য। দলটির কোচ জানান, তুমাজ আরাউজু এবং হুবেন দিয়াসকে উজবেকদের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে।