২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত হ্যাটট্রিকের পর এমবাপে, ‘ইতিহাস গড়তেই রেয়াল মাদ্রিদে এসেছি’

ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিকের পর রেয়াল মাদ্রিদে প্রথম মৌসুমেই মোট ২৮ গোল হয়ে গেল কিলিয়ান এমবাপের, তবে নিজের ৫০ গোলের চেয়েও তার বেশি চাওয়া দলের শিরোপা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 02:00 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

‘এক, দুই, তিন…’ আঙুল ইশারায় পরপর দেখালেন কিলিয়ান এমবাপে। এরপর মাথা নাড়িয়ে মুখে হাসি ফুটিয়ে দারুণ এক ভঙ্গি করলেন। রেয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ হ্যাটট্রিকের পর ক্যামেরার সামনে এভাবেই দেখা গেল তাকে। প্রতিটি গোলে আলাদা করে তার উদযাপন-উচ্ছ্বাস তো দেখার মতো ছিলই। ম্যাচের পর প্রত্যয়ী কণ্ঠে তিনি বললেন, এই ক্লাবে একটি যুগের নায়ক হতে চান তিনি।

রেয়াল মাদ্রিদে পা রাখার পর শুরুর কিছুদিনের জড়তা বেশ আগেই ঝেরে ফেলেছেন এমবাপে। সব প্রতিযোগিতাতে এখন গোল পাচ্ছেন নিয়মিত। তবে সেরা চেহারার সেই বুনো, বিধ্বংসী এমবাপের প্রতীক্ষা ছিল, ইউরোপ সেরার মঞ্চে যিনি গুঁড়িয়ে দেবেন প্রতিপক্ষকে। অবশেষে দেখা মিলল তার সেই রূপের, তাতে ঝলসে গেল ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে অসাধারণ এক হ্যাটট্রিক করে ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে দিলেন এমবাপে। দ্বিতীয় লেগে ৩-১ আর দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের জয়ে রেয়াল মাদ্রিদ পা রাখল শেষ ষোলোয়।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এমবাপের গোল হয়ে গেল এখন সাতটি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করে ফেললেন মোট ২৮টি। রেয়ালে প্রথম মৌসুমে তাকে এখন দারুণ সফল বলতেই হবে!

অথচ শুরুর কিছুদিনে যখন মানিয়ে নেওয়ার লড়াই চলছে, তখন বেশ সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে। এখনকার এই সুসময়ে উঠে এলো শুরুর সেই দুঃসময়ের কথা। এমবাপে বললেন, তার ভেতরে বিশ্বাসটা ঠিকই ছিল। 

“খারাপ খেলার জন্য তো এখানে আসিনি! এই ক্লাবে আসার স্বপ্ন পূরণ করতে পারা ছিল একটি ব্যাপার। তবে ভালো খেলার তাড়নাও ছিল। আমি একটি যুগ গড়ে দিতে চেয়েছি এখানে, রেয়াল মাদ্রিদে ইতিহাস গড়তেই এসেছি। সেই মানসিকতা নিয়ে খেলতে হতো আমাকে।”

যেভাবে তা গোলের রথ ছুটছে, তাতে মৌসুমে ৫০ গোল করাও এখন অসম্ভব মনে হচ্ছে না। এল চিরিঙ্গিতে টিভির সংবাদকর্মীর কথাটা শুনে এমবাপেও বেশ মজা পেয়ে গেলেন।

“আপনি ৫০ গোল দেখতে চান? আমি কোনো সীমানা ঠিক করিনি। ৫০ গোল করতে পারি, বেশিও করতে পারি। চেষ্টা করব, দেখতে পাবেন…।”

তবে পরেই আবার তিনি বললেন, নিজের গোল কিংবা মাইলফলকের কোনো মূল্য তার  কাছে নেই, যদি দল শিরোপা না জেতে। ৫০ গোলের চেয়েও তার বেশি চাওয়া দলের ট্রফি। 

“গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল স্কোরার ছিলাম আমি। কিন্তু ট্রফি কি জিতেছিলাম? না…।’ 

“সর্বোচ্চ গোল স্কোরার হওয়া নিয়ে কোনো ভাবনা নেই আমার। ক্যারিয়ারে অনেক গোল করেছি। কিন্তু সেসবের কোনো মূল নেই, যেখানে শিরোপাই জিততে পারিনি। এবার এই গোলগুলির পথ ধরে যদি আমরা শিরোপা জিততে পারি, তাহলে রক্তের বন্ধন গড়ে উঠবে। ৫০ গোল করতে পারলে খুবই ভালো। কিন্তু আমার শুধু চাওয়া শিরোপা।”

ম্যানচেস্টার সিটির চ্যালেঞ্জ উড়িয়ে দেওয়ার পর এমবাপে এখন তাকাচ্ছেন সামনে। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে আতলেতিকো মাদ্রিদ কিংবা বায়ার লেভারকুজেনের মধ্যে কোনো দল। এমবাপে তার নিজের পছন্দ জানিয়ে রাখলেন।

“দুটি দলের বিপক্ষেই দারুণ ম্যাচ হবে। আতলেতিকো কিংবা লেভারকুজেন, দুটিই কঠিন প্রতিপক্ষ। তবে আমার মতে, আতলেতিকোর সঙ্গে খেলতে পারলে ভালো হবে। কারণ, তাহলে ভ্রমণ করতে হবে না। দুটি ম্যাচই কঠিন হবে। কাজেই যে কঠিন ম্যাচে ভ্রমণ করতে হবে না, সেটিই বেশি ভালো।”