১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রায় ২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে বেনিনের ‘প্রথম’

আফ্রিকা কাপ অব নেশন্সে অভিষেকের দুই দশকের বেশি সময় পর এবং ১৬ বারের চেষ্টায় প্রথম জয়ের স্বাদ পেল দেশটি।

প্রায় ২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে বেনিনের ‘প্রথম’
জয়ের অপেক্ষা ঘুচল বেনিনের। ছবি: আফ্রিকান নেশন্স কাপ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 09:58 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

সেই ২০০৪ সালে আফ্রিকা কাপ অব নেশন্সে অভিষেক হয় বেনিনের। পরে আরও তিনবার মহাদেশীয় এই আসরে অংশ নিয়ে একবার কোয়ার্টার-ফাইনালেও খেলে তারা। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, এতদিন প্রতিযোগিতাটিতে মূল ম্যাচে কোনো জয় ছিল না তাদের। অবশেষে ঘুচল তাদের দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অপেক্ষা।  

মরক্কোয় চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার বতসোয়ানাকে ১-০ গোলে হারায় বেনিন। ২৮তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইয়োহান রশ।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে হেরে আসর শুরু করা বেনিন দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে তিন নম্বরে আছে। 

২০০৪ সালের ২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সে অভিষেক হয়েছিল বেনিনের। সেবার ও ২০০৮ সালের আসরে তিনটি করে ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা।

২০১০ আসরে একটি ড্র ও দুটি হারে আবার তাদের পথচলা থেমে যায় গ্রুপ পর্বে। আবার তারা মূল পর্বে খেলার সুযোগ পায় ২০১৯ আসরে। এবার তারা গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটি ড্র করে, তৃতীয় সেরা দলগুলোর একটি হিসেবে জায়গা করে নেয় শেষ ষোলোয়। সেখানে মরক্কোর বিপক্ষে মূল ম্যাচে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে তারা পা রাখে কোয়ার্টার-ফাইনালে। সেখানে তারা হেরে যায় সেনেগালের বিপক্ষে।

সব মিলিয়ে পাঁচ ড্র ও ১০ হারের পর, ১৬তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল বেনিন।