লন্ডনে উচ্ছ্বাস-উন্মাদনায় আর্সেনালের শিরোপা উদযাপন
এমিরেটস স্টেডিয়ামের বাইরে জড়ো হয় হাজার হাজার আর্সেনাল সমর্থক।
২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর, উত্তর লন্ডনের রাস্তায় ভিড় জমায় ক্লাবটির হাজার হাজার সমর্থক। এমিরেটস স্টেডিয়ামের বাইরে চলতে থাকে তাদের আনন্দ-উল্লাস। উদযাপন চলে গভীর রাত পর্যন্ত।
প্রিমিয়ার লিগের গত তিন আসরে মৌসুমের অনেকটা সময় পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেও, শেষ দিকে খেই হারিয়ে রানার্সআপ হয় আর্সেনাল। তবে এবার আর কোনো ভুল করেনি তারা। মঙ্গলবার বোর্নমাউথের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ১-১ ড্র করায় মাঠে না নেমেই মিকেল আর্তেতার দলের শিরোপা নিশ্চিত হয়ে যায়, এক ম্যাচ হাতে রেখে।
ম্যাচটি একসঙ্গে দেখার জন্য লন্ডন থেকে এক ঘণ্টা দূরত্বের ক্লাবের প্রশিক্ষণ মাঠে জড়ো হয় আর্সেনালের খেলোয়াড়রা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ক্লাবের ১৪তম লিগ শিরোপা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠে।
লন্ডনে, সমর্থকরা পাব ও বাড়ি থেকে বেরিয়ে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামের বাইরে জড়ো হয়, আতশবাজি ও ফ্লেয়ার জ্বালিয়ে “চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন! ওলে! ওলে! ওলে!” স্লোগান দিতে থাকে।
এক আর্সেনাল ভক্ত রয়টার্স টিভিকে বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, এর জন্য ২২ বছর ধরে অপেক্ষা করছিলাম আমরা। অবিশ্বাস্য।”
“বোর্নমাউথ আজ আমাদের অনেক বড় উপকার করেছে, তারা খুব ভালো খেলেছে। আর চ্যাম্পিয়ন হওয়া আমাদের প্রাপ্য, তাই আনন্দের দিন।”
আর্সেনাল গ্রেট ইয়ান রাইটও স্টেডিয়ামের বাইরের এই উদযাপনে যোগ দেন এবং ভক্তরা তার নাম ধরে গান গাইতে গাইতে তাকে ঘিরে ধরে।
গত শতাব্দীর নব্বইয়ের দশকে আর্সেনালের হয়ে ১৮৫ গোল করা রাইট প্রিমিয়ার লিগ প্রোডাকশন্সকে বলেন, “আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। ট্যাক্সিতে উঠলাম, আমার স্ত্রী ও মেয়েদেরও ট্যাক্সিতে তুললাম এবং বললাম, ‘আমরা ওখানে যাচ্ছি, চলো এমিরেটসে যাই।”
“সত্যি বলতে, এটা অসাধারণ এবং এই ক্লাবের এটা প্রাপ্য। আমাদের ভক্তদের, সারা বিশ্বের সবার এটা প্রাপ্য।”
আগামী রোববার ক্রিস্টাল প্যালেসের মাঠে ম্যাচ দিয়ে আর্সেনাল তাদের প্রিমিয়ার লিগ অভিযান শেষ করবে। এরপর ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির মুখোমুখি হবে তারা।
