বার্সেলোনা এসসির বিপক্ষে দুর্দান্ত গোলে নতুন বছরে মেসির ‘প্রথম’
একক প্রচেষ্টায় দারুণ গোল করার পাশাপাশি আরেকটি গোলেও অবদান রেখেছেন আর্জেন্টাইন তারকা।
মাঝমাঠ থেকে বল নিয়ে ছুটলেন লিওনেল মেসি। সামনে ফাঁকা জায়গা পেয়ে চোখের পলকে পৌঁছে গেলেন প্রতিপক্ষের বক্সের মুখে। সেখানে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোলার মতো শট নিলেন বাঁ পায়ে। গোলকিপারের সাধ্য ছিল না ঠেকানোর।
এরকম গোল ক্যারিয়ারে কতগুলো করেছেন, মেসি নিজেও বলতে পারবেন না নিশ্চিতভাবেই। একক প্রচেষ্টায় তেমনই এক চোখধাঁধানো গোল দিয়ে নতুন বছরের পথচলা শুরু করলেন তিনি। প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ অবশ্য নয়, ইন্টার মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ এটি।
প্রীতি ম্যাচটিতে শনিবার বার্সেলোনা এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি।
বার্সেলোনা ও মেসি নাম দুটি পাশাপাশি দেখলেই নস্টালজিয়ার ঝড় বয়ে যাওয়ার কথা। তবে এই বার্সেলোনা সেই বার্সেলোনা নয়। একুয়েডরের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দল এটি। ১০০ বছর পুরোনো ক্লাবটি একুয়েডরের লিগের রেকর্ডবারের চ্যাম্পিয়নও। ম্যাচটি হয়েছে একুয়েডরের কিতোয়।
গোল করার পাশাপাশি দলের অন্য গোলেও অবদান রাখেন মেসি। সেই গোলটি করেন দলে নতুন আসা হার্মান বের্তেরামে।
৩১তম মিনিটে মেসির গোলের পর বার্সেলোনা সমতা ফেরায়। প্রথমার্ধের যোগ করা সময়েই আবার এগিয়ে যায় মায়ামি। মাঠের ডান প্রান্ত থাকে দারুণ এক ক্রস করেন মেসি। বল ধরে বক্সে ঢুকে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান আর্জেন্টিনায় জন্ম নেওয়া মেক্সিকান ফরোয়ার্ড বের্তেরামে।
ম্যাচর বয়স ৬০ মিনিটে পেরোলো মেসিকে তুলে লুইস সুয়ারেসকে নামানো হয়। ম্যাচের শেষ দিকে গোল করে সমতা ফেরায় বার্সেলোনা।
প্রাক মৌসুম দক্ষিণ আমেরিকা সফরে তিন ম্যাচের একটিতে জিততে পেরেছে ইন্টার মায়ামি। শেষ ম্যাচটি খেলবে তারা আগামী শুক্রবার।
মেজর লিগ সকারে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা আগামী ২১ ফেব্রুয়ারি।
