২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের ‘এক তৃতীয়াংশ’ শেয়ার কিনল বেজোস-সমর্থিত কনসোর্টিয়াম

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, এই চুক্তির মূল্য ১৫০ কোটি পাউন্ডের বেশি।

লিভারপুলের ‘এক তৃতীয়াংশ’ শেয়ার কিনল বেজোস-সমর্থিত কনসোর্টিয়াম
এই প্রথম ফুটবলের কোনো চুক্তির সঙ্গে সম্পৃক্ত হলেন জেফ বেজোস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 12:16 AM

Updated : 11 Sep 2026, 03:50 PM

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস-সহ একটি কনসোর্টিয়ামের কাছে ক্লাবের শেয়ার বিক্রি করতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে লিভারপুলের মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, এই শেয়ারের পরিমাণ প্রায় এক-তৃতীয়াংশ। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, এই চুক্তির মূল্য ১৫০ কোটি পাউন্ডের বেশি। ক্লাবটির মোট মূল্য ৫০০ কোটি পাউন্ডের (৭০০ কোটি ডলার) বেশি নির্ধারণ করা হয়েছে।

২০১০ সালে যখন লিভারপুল দেউলিয়া হওয়ার পথে ছিল, তখন ৩০ কোটি পাউন্ডে প্রিমিয়ার লিগের ক্লাবটি কিনে নেয় এফএসজি। তারা ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ার ও পরিচালন নিয়ন্ত্রণ আগের মতো ধরে রাখবে।

‘১৮৯২ হোল্ডিংস’ নামের কনসোর্টিয়ামটির নেতৃত্বে রয়েছেন ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী ও কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক চেয়ারম্যান আমিত ভাটিয়া, যিনি ভারতের ধনকুবের লাক্সমি মিত্তালের জামাতা। এই জোটে আরও অন্তর্ভুক্ত রয়েছে মিত্তাল ফ্যামিলি ট্রাস্টস, ইই ক্যাপিটাল এবং কে৫ স্পোর্টস ফান্ড, যেটিতে বেজোস প্রধান বিনিয়োগকারী।

আমিত ভাটিয়া ক্লাবের নতুন ভাইস চেয়ারম্যান হবেন এবং ইই ক্যাপিটালের এলেইন সাভেরিন, যিনি ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিনের স্ত্রী ও কে৫ স্পোর্টসের প্রতিষ্ঠাতা ব্রায়ান বাউমের সাথে সম্প্রসারিত বোর্ডে যোগ দেবেন। বেজোস বোর্ডে থাকবেন না।

ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী, ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা, আমেরিকান ব্যবসায়ী বেজোসের মোট সম্পদের পরিমাণ ২০ হাজার ৭০০ কোটি পাউন্ডের (২৮ হাজার কোটি ডলার) বেশি। যা তাকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তিতে পরিণত করেছে। 

৬২ বছর বয়সী বেজোস এই প্রথম ফুটবলের কোনো চুক্তির সঙ্গে সম্পৃক্ত হলেন।

লিভারপুল যৌথভাবে রেকর্ড ২০ বার ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয়েছে। গত মৌসুমে পঞ্চম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে তারা। আগামী ২৩ অগাস্ট নিউ ক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে অ্যানফিল্ডের দলটি।