হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানে নেই স্বপ্না ও মুনকি
এই দুজনের বাদ পড়ার কারণ হিসেবে তাদের বাজে পারফরম্যান্সের কথা বলেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার।
সাম্প্রতিক সময়ে মাঝমাঠে স্বপ্না রানীর পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার। আক্রমণভাগে মুনকি আক্তারের ভূমিকাতেও যে অসন্তুষ্ট ছিলেন, তা সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বললেন তিনি। এই দুজনের পাশাপাশি চোটের কারণে ডিফেন্ডার নবীরন খাতুনকে দলে রাখেননি কোচ।
আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার শিরোপা জয়ী বাংলাদেশ এবার যাবে দক্ষিণ এশিয়ার নারী ফুটবল শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে।
সেই লক্ষ্যে বৃহস্পতিবার থাইল্যান্ডে রওনা দিবে দল। সেখানে ১৫ দিনের প্রস্তুতি নিয়ে, ২১ মে ভারতের উদ্দেশে রওনা দেবেন বাটলার-আফঈদারা।
থাইল্যান্ডে রওনা দেওয়ার আগে বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ২৩ জনের দল দেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ। প্রস্তুতি, লক্ষ্য নিয়ে বরাবরের মতোই স্পষ্ট উচ্চারণে কথা বলেন এই ইংলিশ কোচ। স্বপ্না ও মুনকির বাদ পড়ার পেছনে তিনি কারণ দেখান তাদের ‘বাজে পারফরম্যান্স।’
“স্বপ্না ও মুনকির বাদ পড়ার কারণ হচ্ছে, তাদের বাজে পারফরম্যান্স। তারা সেই পর্যায়ে পারফর্ম করেনি, কথা শোনেনি এবং আশা করি, একদিন তারা তাদের ভুল বুঝতে পারবে। আশা করি, তারা উপলব্ধি করবে যে, আমি তাদের ভালোর জন্যই এটি করছি। তাই তাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। তারা দলের সাথে অনুশীলন করছে না, এমনকি প্রশিক্ষণ দলেও নেই। আর এর কারণ স্পষ্ট- বাজে পারফরম্যান্স।”
“নবীরনের ক্ষেত্রে সমস্যা হলো তার এসিএলে চোট রয়েছে। সে খেলতে চায়, কিন্তু সে শতভাগ ফিট নয়। আমি এমন কোনো খেলোয়াড় নিয়ে টুর্নামেন্টে যেতে পারি না যে মাঝপথে ভেঙে পড়বে। তাই সত্যি বলতে, আমাকে তার বিকল্প খুঁজতে হয়েছে।”
‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী প্রতিযোগিতার সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। এরপর, ৩১ মে তারা মুখোমুখি হবে ভারতের।
বাংলাদেশ দল: আফঈদা খন্দকার (অধিনায়ক), রূপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাগরিকা, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও সৌরভী আকন্দ প্রীতি।
