চ্যাম্পিয়ন্স লিগে অনন্য মাইলফলকের সামনে রেয়াল মাদ্রিদ
ইউরোপ সেরার মঞ্চে যুগ যুগ ধরে দ্যুতিময় পারফরম্যান্সে প্রায় সব রেকর্ডই মাদ্রিদের ক্লাবটির ।
ইউরোপিয়ান কাপ থেকে শুরু, পরবর্তীতে নাম ও ফরম্যাট বদলে চ্যাম্পিয়ন্স লিগ; সবখানেই রেয়াল মাদ্রিদের জয়জয়কার। ইউরোপ সেরার মঞ্চে অনেক অনেক রেকর্ডের ভিড়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিটিও আগে থেকেই মাদ্রিদের ক্লাবটির। ঝলমলে এই যাত্রায় এবার তারা ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে ৫০০তম ম্যাচ খেলতে যাচ্ছে।
নতুন আঙ্গিকের এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্ব আশানুরূপ কাটেনি রেয়াল মাদ্রিদের। শিরোপা ধরে রাখার অভিযানে নেমে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে, প্লে-অফের দুই লেগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শেষ ষোলোর টিকেট কাটে লা লিগার শিরোপাধারীরা।
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। দুই লেগের প্রথম লেগে মঙ্গলবার নগরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি এবং মাঠে নামলেই ইতিহাসের প্রথম দল হিসেবে অসাধারণ ওই মাইলফলক ছুঁয়ে ফেলবে রেয়াল মাদ্রিদ।
রেকর্ডময় এই পথচলায় রেয়াল মাদ্রিদের ধারেকাছে নেই কোনো দল। দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে বায়ার্ন মিউনিখ, ৪০৪টি। ৩৫৭ ম্যাচ খেলে তৃতীয় স্থানে বার্সেলোনা।
১৯৫৫ সালে ইউরোপিয়ান কাপ নামে প্রতিযোগিতাটির যাত্রা শুরু। সেই থেকে এই প্রতিযোগিতায় রেয়ালের চেয়ে বেশি জয়ও কোনো দল পায়নি, নকআউট পর্বেও আর কেউ বেশি ওঠেনি। সবচেয়ে বেশি আসরেও খেলেছে (৪৪) তারা।
মহাদেশ সেরার প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত ৪৯৯ ম্যাচ খেলে ৩০১টিতে জিতেছে রেয়াল, ৮৫টি ড্র করেছে এবং ১১৩টিতে হেরেছে।
সর্বোচ্চ গোলও করেছে রেয়াল মাদ্রিদ, এক হাজার ১০১টি।
প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশিবার ফাইনালও খেলেছে রেয়াল মাদ্রিদ, ১৮ বার। জিতেছেও সবচেয়ে বেশি, ১৫ বার।
টুর্নামেন্টের প্রথম পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তাদের সেই দাপুটে পথচলা গত এক দশকেও প্রতিফলিত হয়েছে; গত ১০ বছরে ছয়বার এই ট্রফি উঁচিয়ে ধরেছে দলটি। সবশেষ গত জুনে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপাটি জেতে দলটি।
