আম্পায়ারের উদ্দেশ্যে চিৎকার করে, র্যাকেট ভেঙে শাস্তি পেলেন মেদভেদেভ
ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হারের ম্যাচে যেন পুরোপুরি মেজাজ হারিয়ে ফেলেছিলেন এই রুশ তারকা।
বছরের শুরু থেকেই সময়টা ভীষণ খারাপ কাটছে দানিল মেদভেদেভের। শেষটা হলো আরও অনাকাঙ্ক্ষিত। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হারের ম্যাচে আম্পায়ারের সঙ্গে আপত্তিকর আচরণ করে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন এই রুশ তারকা।
বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামে ফ্রান্সের বেঁজামা বঁজির বিপক্ষে হেরে ছিটকে পড়েন মেদভেদেভ। সেদিন প্রথম দুই সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন সাবেক নাম্বার ওয়ান, কিন্তু পাঁচ সেটে গড়ানো লড়াইয়ে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় তার।
ওই ম্যাচেই মাঝপথে প্রবল উত্তেজনাকর মুহূর্তে হঠাৎ এক ফটোগ্রাফার কোর্টের ওপর চলে এলে খেলায় ছন্দপতন ঘটে। আর সেটা নিয়েই আপত্তিকর আচরণ করেন মেদভেদেভ।
ওই ঘটনার দায়েই তাকে মোট ৪২ হাজার ৫০০ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন; ‘অখেলোয়াড়সুলভ আচরণ’ করায় ৩০ হাজার ডলার এবং মেজাজ হারিয়ে র্যাকেট ভাঙায় ১২ হাজার ৫০০ ডলার জরিমানা দিতে হচ্ছে তাকে।
ফলে, প্রথম রাউন্ডে খেলে যে অর্থ-পুরষ্কার তিনি পেয়েছেন, তার ৪০ শতাংশই তাকে জরিমানাস্বরূপ দিয়ে দিতে হচ্ছে।
নিজে যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে মেদভেদেভ অবশ্য আগেই এমন কিছু আঁচ করতে পেরেছিলেন। গত রোববার ঘটনাবহুল ম্যাচের পরই তিনি বলেছিলেন, বড় শাস্তির জন্য প্রস্তুত তিনি।
“বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে যাচ্ছি আমি। আর এখন এই বিষয়ে মন্তব্য করলে, আরও বড় সমস্যায় পড়ব। তাই আমি কথা বলব না।”
সেদিন প্রথম দুই সেটে হারের পর, তৃতীয় সেটেও ৫-৪ গেমে পিছিয়ে পড়েছিলেন মেদভেদেভ। প্রতিপক্ষ যখন ম্যাচ পয়েন্টের জন্য দ্বিতীয় সার্ভ করবে, তখনই এক ফটোগ্রাফার কোর্টের ভেতর চলে আসেন।
অস্বাভাবিক ওই ঘটনায় বঁজিকে আবার প্রথম সার্ভ করার সুযোগ দেন আম্পায়ার, তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ২০২১ সালের ইউএস ওপেন জয়ী মেদভেদেভ। আম্পায়ারের উদ্দেশ্যে চিৎকার করতে থাকেন তিনি এবং তার আচরণে গ্যালারির দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
প্রায় ছয় মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হয়। তাতে বঁজির দারুণ পারফরম্যান্সে ছন্দপতন ঘটে এবং ঘুরে দাঁড়ান মেদভেদেভ। পরপর দুই সেট জিতে লড়াই পঞ্চম সেটে টেনে নেন তিনি। কিন্তু ম্যাচ নির্ধারনী ওই সেটে আর তেমন লড়াই করতে পারেননি মেদভেদেভ।
হারের পর তীব্র হতাশায় যেন মেজাজ পুরোপুরি হারিয়ে ফেলেন ২৯ বছর বয়সী তারকা। প্রচণ্ড ক্ষোভে চেয়ারের সঙ্গে বারবার আঘাত করে র্যাকেট ভেঙে ফেলেন তিনি।
