Published : 03 Apr 2026, 07:36 PM
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গের পর জেন্নারো গাত্তুসো বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এখন নয়। তবে বেশি সময় নিলেন না, দুই দিন পরই ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে জাতীয় দলের ব্যর্থতার জেরে বৃহস্পতিবার পদত্যাগ করেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা ও জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান জানলুইজি বুফ্ফন।
পরদিন গাত্তুসোর সরে দাঁড়ানোর কথা জানাল এফআইজিসি।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে বসনিয়ার বিপক্ষে গত মঙ্গলবার টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে ইতালির।
এক বিবৃতিতে গাত্তুসো বলেছেন, “আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায়, ভারাক্রান্ত হৃদয়ে জাতীয় দলের দায়িত্বে আমার সময় শেষ বলে মনে করছি আমি।”
এবারের বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে হারের পর, ছাঁটাই হওয়া লুসিয়ানো স্পালেত্তির জায়গায় ইতালির কোচ হয়ে আসেন গাত্তুসো। যদিও মলদোভার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও দায়িত্বে ছিলেন স্পালেত্তি।
গাত্তুসোর কোচিংয়ে বাছাইয়ে পরের পাঁচ ম্যাচে জেতে ইতালি। শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে অফে জায়গা হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
প্লে অফ সেমি-ফাইনালে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে বিশ্বকাপের টিকেট পাওয়ার সম্ভাবনা জাগায় ইতালি। কিন্তু বসনিয়ার বিপক্ষে হেরে বিশ্ব মঞ্চে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হয় তাদের। গত দুইবারও প্লে অফে হেরে বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল দলটিকে।