Published : 20 Nov 2025, 07:46 PM
যেকোনো ভ্রমণকারীর জন্য যা এক দুঃস্বপ্ন, ঠিক সেই বিপাকে পড়েছিলেন আন্দ্রেস কুবাস। অসাবধানতায় তার পাসপোর্টসহ ট্রাউজার পাঠানো হয় পরিষ্কার করতে। আর তাতে ওয়াশিং মেশিনে ধুয়ে যায় প্যারাগুয়ের এই ফুটবলারের দেশের হয়ে মাঠে নামার সম্ভাবনা।
এজন্য, জাতীয় দলের সঙ্গে সফরে যেতেই পারেননি কুবাস। কানাডায় আটকে যান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের এই মিডফিল্ডার। ফলে খেলতে পারেননি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে এবং মেক্সিকোর বিপক্ষে একই ব্যবধানে জয়ের ম্যাচে।
আন্দ্রেসের বাবা ফ্রান্সিসকো কুবাস এবিসি টিভির সঙ্গে আলাপকালে বলেন, এই ঘটনায় তার ছেলে খুব হতাশ ও বিরক্তও।
“সে তালগোল পাকিয়েছে, সে এটা (পাসপোর্টটা) তার প্যান্টের (পকেটে রেখে) ভুলে গিয়েছিল। আর যে নারী দেখভালের দায়িত্বে ছিলেন, তিনিও খেয়াল করেননি, ফলে সেটা ওয়াশিং মেশিনে চলে যায়। এসবে সে খুবই বিরক্ত।”
ফ্রান্সিসকো আরও জানান, দ্রুত নতুন পাসপোর্ট পেয়ে গেলেও সময়মতো ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় কানাডা ছাড়তে পারেননি কুবাস।