২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর বয়সের বোল্টের চেয়ে গতিময় গাউট

২০০ মিটার দৌড়ে ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে অনূর্ধ্ব-২০ ক‍্যাটাগরিতে বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার এই তরুণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 09:22 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

অস্ট্রেলিয়ার জাতীয় শিরোপা জয়ের পথে চমক দেখিয়েছেন ১৮ বছর বয়সী গাউট গাউট। একই বয়সে কিংবদন্তি উসাইন বোল্ট যে সময় নিয়েছিলেন, এর চেয়ে কম সময়ে দৌড় শেষ করেছেন তিনি।   

২০০ মিটার দৌড়ে ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে অনূর্ধ্ব-২০ ক‍্যাটাগরিতে বিশ্বরেকর্ড গড়েছেন গাউট। 

বাতাসের সহায়তা ছাড়া এই প্রথম ২০ সেকেন্ডের কম সময় নিয়ে ২০০ মিটারে দৌড় শেষ করলেন গাউট। চলতি বছরে সারা বিশ্বেই সবচেয়ে কম সময়ে ২০০ মিটার শেষ করলেন তিনি। গত বছর ১৯.৮৪ সেকেন্ড সময় নেন তিনি, সেবার অবশ‍্য বাতাসের সহায়তা পান তিনি। 

২০২৪ সালে আলোচনায় আসেন গাউট। সেবার ১৬ বছর বয়সী কারও জন‍্য সবচেয়ে কম- ২০.০৬ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার শেষ করেন তিনি। রোববার দারুণ কীর্তি গড়ার দিনে তিনি পেছনে ফেললেন অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্টকে। ২০০৪ সালে জ‍্যামাইকান গতিতারকা সময় নেন ১৯.৯৩ সেকেন্ড। 

১৭ বছর বয়সে সেই সময়ের বিশ্ব জুনিয়র রেকর্ড গড়েন বোল্ট। টিনএজার হিসেবে এর চেয়ে কম সময়ে আর দৌড় শেষ করতে পারেননি তিনি। তবে পরবর্তীতে অনেকবারই এর চেয়ে কম সময় নেন তিনি।

অনূর্ধ্ব-২০ কারও জন‍্য সবচেয়ে কম সময়ে ২০০ মিটার দৌড়ানোর কীর্তি ছিল যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের। ২০২২ সালের ১৯.৬৯ সেকেন্ড সময় নেন তিনি। গাউট ছাড়িয়ে গেলেন তাকে। 

তার পেছনে থেকে দ্বিতীয় হওয়া এইডেন মার্ফিও ২০ সেকেন্ডের কম সময় নেন। দৌড় শেষ করতে তার সময় লাগে ১৯.৮৮ সেকেন্ড। 

বাবা-মা দক্ষিণ সুদানের, গাউটের জন্ম কুইন্সল‍্যান্ডে। তিনি অপেক্ষা করছিলেন এমন কিছুর জন‍্যই।

“অস্ট্রেলিয়ায় আমাদের অবিশ্বাস‍্য সব অ‍্যাথলেট আছে। এদের সঙ্গে দৌড়ানোর সুযোগ পাচ্ছি এবং একে অন‍্যকে নিজেদের সবটুকু দিতে তাড়িত করছি।”

“আমার কাঁধ থেকে বিশাল বোঝা সরে গেল। জানতাম যে, আমি বাতাসের সাহায‍্য ছাড়াই দৌড়াতে পারব। আমার সেই গতি এবং শরীর আছে এমনভাবে দৌড়ানোর জন‍্য। তাই, অবশ‍্যই দারুণ অনুভূতি হচ্ছে এবং আরও বেশি কিছুর জন‍্য তৈরি।” 

গাউট আভাস দেন যে, অগাস্টে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ বিশ্ব চ‍্যাম্পিয়নশিপে মনোযোগ দিতে আগামী জুলাইয়ের কমনওয়েলথ গেমসে অংশ নেবেন না তিনি।