২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্ষপথে ফিরতে ফ্রান্সকে অনুসরণ করুক ইতালি, চান আনচেলত্তি

টানা তিনবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব‍্যর্থ ইতালিকে সামনে যাওয়ার পথ দেখালেন অভিজ্ঞ এই কোচ।

কক্ষপথে ফিরতে ফ্রান্সকে অনুসরণ করুক ইতালি, চান আনচেলত্তি
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 07:46 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

বিশ্বকাপের জন‍্য ব্রাজিলকে প্রস্তুত করতে কাজ করছেন কার্লো আনচেলত্তি। ফুটবলের বড় এই টুর্নামেন্টে নেই তার দেশ ইতালি। টানা তিনবার চূড়ান্ত পর্বে উঠতে ব‍্যর্থ হয়েছে চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। তাদের কক্ষপথে ফেরার পথ দেখিয়েছেন আনচেলত্তি। উদাহরণ হিসেবে তিনি বলেছেন ফ্রান্সের কথা। 

গোলরক্ষক ও অধিনায়ক জানলুইজি দোন্নারুম্মা ছাড়া আর সেই অর্থে কোনো তারকা নেই ইতালির। শক্তিশালী রক্ষণের জন‍্য যাদের ছিল দারুণ পরিচিতি, তাদের এখন নেই জমাট রক্ষণ। জর্জো কিয়েল্লিনি, লিওনার্দো বোনুচ্চি অবসর নেওয়ার পর রক্ষণে ঘাটতি প্রবল। একই অবস্থা মাঝমাঠ ও আক্রমণভাগেও। 

এর ঠিক বিপরীত অবস্থা যেন ফ্রান্সের। প্রায় প্রতিটি পজিশনেই অনেক বিকল্প আছে দিদিয়ে দেশমের সামনে। গুরুত্বপূর্ণ কোনো খেলোয়াড়ের চোট নিয়ে খুব একটা ভাবতে হয় না তাকে। একাদশ যেমন শক্তিশালী, বেঞ্চও ততটাই শক্তিশালী। এর বাইরেও অনেক খেলোয়াড় থাকেন, যারা অনায়াসে দলে জায়গা পেতে পারেন।  

ইতালিয়ান পত্রিকা ইল জর্নালে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বললেন, ইতালির উচিত ফ্রান্সকে অনুসরণ করা। 

“ফ্রান্সের ফুটবল সেরা খেলোয়াড়দের নিয়ে আসে এবং তাদের ইউরোপের বিভিন্ন ক্লাবে পাঠায়। আর তারা একসঙ্গে একটা জাতীয় দল গড়ে, যারা এখন বিশ্বের সেরা।”