২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে ‘আরেকটি ফাইনালের’ জন‍্য উন্মুখ একুয়েডর

টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোকে বিদায় করা একুয়েডর কোয়ার্টার ফাইনালে খেলবে বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 12:41 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

মেক্সিকোকে বিদায় করে কোপা আমেরিকার নকআউট পর্বে জায়গা করে নেওয়া একুয়েডরের সামনে প্রতিপক্ষ আর্জেন্টিনা। শক্তি, সামর্থ‍্যে অনেক এগিয়ে থাকা বিশ্ব চ‍্যাম্পিয়নদের মোটেও ভয় পাচ্ছেন না ফেলিক্স সানচেস। একুয়েডরের এই স্প‍্যানিশ কোচ জানিয়েছেন, বিশ্ব চ‍্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের মুখোমুখি হওয়ার জন‍্য উন্মুখ তারা।    

বাংলাদেশ সময় সোমবার সকালে ‘বি’ গ্রুপের ম‍্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন‍্য ড্র করে একুয়েডর। দুই দলেরই পয়েন্ট সমান-চার। গোল পার্থক‍্যে এগিয়ে থেকে নকআউট পর্বে জায়গা করে নেয় লাতিন আমেরিকার দেশটি। 

একই গ্রুপ থেকে টানা দুই জয়ে আগেই শেষ আটে খেলা নিশ্চিত করে ভেনেজুয়েলা। শেষ ম্যাচে জ‍্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে তারা। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ কানাডা। 

দুই ম‍্যাচ শেষে গোল পার্থক‍্যে এগিয়ে থাকায় মেক্সিকোর বিপক্ষে হার এড়ালেই চলত একুয়েডরের। সেই কাজ ঠিকঠাকই করতে পেরেছে তারা। এখন তাদের ভাবনায় কেবলই আর্জেন্টিনা।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে শিরোপাধারীদের মুখোমুখি হবে একুয়েডর। কদিন আগে প্রীতি ম‍্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা। কোচ সানচেস এবারও আরও বেশি লড়াই চান।

“আমরা জানি দুই প্রতিপক্ষ তুলনীয় নয়। আমরা জানি, এটা কতটা কঠিন হতে যাচ্ছে। আমাদের খেলোয়াড়রা পরের ধাপে যেতে পেরে খুশি। আমরা দেখব সামনে সব কীভাবে ঘটে।”       

“আমাদের জন‍্য এটা হবে আরেকটা ফাইনাল। আমরা বিশ্ব চ‍্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের সঙ্গে লড়াইয়ের চেষ্টা করব… আমার বিশ্বাস এই ম‍্যাচে ছেলেরা ভীষণ অনুপ্রাণিত থাকবে এবং তাদের মনোবল উচ্চ থাকবে।”  

মেক্সিকোর বিপক্ষে রক্ষণ ঠিকঠাক সামাল দিলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি একুয়েডর। সানচেস মানছেন, আসরে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার বিপক্ষে অনেক উন্নতি করতে হবে তাদের।

“আমরা জানি যে, আমাদের উন্নতির জন‍্য এখনও অনেক কাজ করতে হবে। তবে এটা কোপা আমেরিকা এবং আজকে পরের ধাপে খেলা নিশ্চিত করার মধ‍্য দিয়ে আমরা অনেক উন্নতি করেছি।” 

“আমাদের খেলোয়াড়দের উপর আমার পূর্ণ আস্থা আছে। জানি, গত তিন ম‍্যাচের মতো পরের ম‍্যাচেও ওরা নিজেদের সেরাটা দেবে। আমরা জানি, এটা কতটা কঠিন। তবে ম‍্যাচ হবে ১১ বনাম ১১। জয়ের জন‍্য যা করা প্রয়োজন, আমরা তা করব।”