ফিরেই আবার ছিটকে গেলেন গোমেজ
কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিভারপুলের এই ইংলিশ ডিফেন্ডারকে।
চোট যেন জো গোমেজের পিছু ছাড়ছে না। সেরে উঠে প্রথম ম্যাচ খেলতে নেমে ফের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন লিভারপুলের ডিফেন্ডার। আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে এসে দলটির কোচ আর্না স্লট মঙ্গলবার নিশ্চিত করেন ২৭ বছর বয়সী গোমেজের ছিটকে পড়ার কথা।
হ্যামস্ট্রিং চোটের কারণেই বছরের শুরুতে মাঠের বাইরে ছিটকে যান গোমেজ। সেই সমস্যা কাটিয়ে চলতি মাসে লিভারপুলের হয়ে প্রথম খেলতে নামেন তিনি। কিন্তু বিধি বাম। ফের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ওই ম্যাচে কেবল ১১ মিনিট খেলতে পারেন গোমেজ। লিভারপুলের সবশেষ দুই ম্যাচেও ছিলেন না তিনি। এবার স্লট নিশ্চিত করেছেন, ফের লম্বা সময় অপেক্ষা করতে হবে গোমেজের।
“সেরে উঠতে জো গোমেজের অনেক লাগবে। হ্যামস্ট্রিং চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।”
২০১৫ সাল থেকে লিভারপুলে খেলা গোমেজের অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন স্লট। তার মতে, এতে এবারের মৌসুমের বাকি অংশের বেশিরভাগেই তাকে পাওয়া যাবে না।
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ভালোভাবে এগিয়ে আছে লিভারপুল। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তাদের চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।
