২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণার দায়ে ৪ জন গ্রেপ্তার

রেয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করায় আগেও অনেককে শাস্তি দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 08:38 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণার দায়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।

গত ২৯ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রেয়ালের ম্যাচ শুরু হওয়ার আগে তিনটি অভিযোগ করে লা লিগা। যার ভিত্তিতে শুরু হয় তদন্ত। মেত্রোপলিতানো স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বিটি ১-১ গোলে ড্র হয়।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনকে স্পেনের পুলিশ নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃতরা (মেত্রোপলিতানো) স্টেডিয়ামে গিয়ে ভিনিসিউসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করতে দর্শকদের প্ররোচিত করেছিল।

আতলেতিকোর কিছু সমর্থক সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি করেছিলেন যে, তারা মুখোশ পরে মেত্রোপলিতানোয় যাবেন, যাতে ধরা না পড়ে ব্রাজিলিয়ান তারকাকে বর্ণবাদী গালমন্দ করতে পারেন তারা।

২০১৮ সালে রেয়ালে যোগ দেওয়ার পর থেকে প্রায়ই প্রতিপক্ষ সমর্থকদের তোপের মুখে পড়ছেন ভিনিসিউস। বেশ কয়েকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন তিনি। অনেককে এর জন্য শাস্তিও দেওয়া হয়েছে।

ভিনিসিউসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করায় গত জুনে ভালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। সেপ্টেম্বরে মায়োর্কার এক সমর্থককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।