২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন স্কালোনি

ইন্টার মায়ামির মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে পারেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 12:15 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ক্লাবের দায়িত্ব পালন করা আপাতত শেষ। লিওনেল মেসি ফিরেছেন জাতীয় দলের অনুশীলনে। তবে পুয়ের্তো রিকোর বিপক্ষে তিনি মাঠে নামবেন কি না, নিশ্চিত নয় এখনও। কোচ লিওনেল স্কালোনি জানালেন, মেসির সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

গত শুক্রবার ভেনেজুলেয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচে খেলেননি মেসি। যদিও ম্যাচের আগে দলের অনুশীলনে ছিলেন তিনি। তবে জাতীয় দল আর ক্লাবের ম্যাচের টানাপোড়েনে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। শেষ পর্যন্ত জাতীয় দলের প্রীতি ম্যাচ বাদ দিয়ে তিনি বেছে নেন ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ। আর্জেন্টিনার ম্যাচের পরদিনই ইন্টার মায়ামির সেই ম্যাচে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন তিনি।

আর্জেন্টিনার পরের ম্যাচটি মায়ামির মাঠ ফোর্ট লডারডেলের চেইস স্টেডিয়ামেই। ক্লাবের ম্যাচের পর জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করছেন মেসি। তিনি দলে যোগ দেওয়ায় ম্যাচকে ঘিরে উন্মাদনা যে বেড়ে গেছে, তা ফুটে উঠেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে। 

“নতুন এই আন্তর্জাতিক চ্যালেঞ্জের জন্য লিওর ফেরা দারুণ প্রত্যাশার জন্ম দিয়েছে এবং অসাধারণ আবহের প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের সামনের পথচলার জন্য এই ম্যাচটি প্রস্তুতি হিসেবে কাজ করবে এবং টেকনিক্যাল স্টাফদের সুযোগ করে দেবে খুঁটিনাটি অনেক কিছু ঠিকঠাক করার।”

বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় শুরু পুয়ের্তো রিকোর সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচটি। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৫৫তম স্থানে থাকা দেশের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা কতটুকু, ম্যাচের আগের দিন জানালেন কোচ স্কালোনি।  

“গত শনিবার মেসিকে খেলতে দেখেছি (মায়ামির ম্যাচে)। যতটা জানি, ম্যাচটি সে ভালোভাবেই শেষ করেছে। তবে তার সঙ্গে এখনও কথা হয়নি আমার।”

“এখন আগামীকালের ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন আমাদের এবং প্রস্তুতির শেষ ধাপে সবসময়ই যেটা করি, তার (মেসি) সঙ্গে কথা বলব আমি। সে যদি ভালো অবস্থায় থাকে, অবশ্যই সে খেলবে।”

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মেসি অবশ্যই খেলবেন, তবে সেটি পুরো ম্যাচে নাও হতে পারে। বদলি হিসেবে তিনি নামতে পারেন বা শুরুর একাদশে থাকলে পরে উঠে যেতে পারেন।