২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেনাল্টির প্রতিবাদে দল মাঠ ছাড়ার পর তুর্কি ক্লাব প্রধানের পদত্যাগ

ম্যাচের আধা ঘন্টা যেতেই মাঠ ছেড়ে যায় আদানা দেমির্সপোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 05:03 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

তুরস্কের সুপার লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচে রেফারির পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে প্রথমার্ধেই মাঠ ছেড়ে যায় আদানা দেমির্সপোর। ওই ঘটনার একদিন পর ক্লাবটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন বেদিরহান দুরাক।

সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি, “আমি এখন দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি যে, আমরা একটি অচলাবস্থায় রয়েছি। আমার ক্লাব, পরিবার, প্রিয়জন এবং আমার স্বাস্থ্যের কথা ভেবে আমি সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।”

গত শনিবারের ওই ম্যাচে দ্বাদশ মিনিটে পেনাল্টি থেকে গালাতাসারাইকে এগিয়ে নেন কদিন আগে দলটিতে যোগ দেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা।  

পরে খেলা চলতে থাকলেও, আদানা দেমির্সপোরের কোচ মুস্তাফা আলপার তার খেলোয়াড়দের আলোচনার জন্য ডেকে পাঠান। কিছুক্ষণ পর পুরো আদানা দেমির্সপোর দল মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যায়।

এরপর রেফারিও মাঠ ছেড়ে চলে যান এবং পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

ক্লাবটির বেশ কয়েক জন কর্মকর্তা জানান, তুরস্কের রেফারি কমিটি ও ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদসুরূপ মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। 

আদানা দেমির্সপোর মাঠ ছেড়ে যাওয়ার পর গালাতাসারাইয়ের কোচ ওকান বুরুক এক সাক্ষাৎকারে বলেন, পেনাল্টিটি একটি ভুল সিদ্ধান্ত হতে পারে।

তুরস্কের শীর্ষ লিগে রেফারিং নিয়ে ও পক্ষপাতের অভিযোগ বেশ কয়েক বছর ধরেই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে অন্যান্য লিগের বিদেশি রেফারিদের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নিয়োগ করা হয়েছে।

গত মৌসুমে একটি ম্যাচ শেষে রেফারিকে ঘুষি মারেন আংকারাগুজুর তখনকার সভাপতি ফারুক কোচা। পরে শাস্তিও পান তিনি।