২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিকে ভয় পেলে ‘খুন’ করে ফেলব, দলের উদ্দেশে আর্তেতা

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি নিজেদের জন্য অবিশ্বাস্য সুযোগ বলেও মনে করেন আর্সেনাল কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 04:03 PM

Updated : 26 Apr 2023, 04:03 PM

তুঙ্গস্পর্শী ছন্দে আছে ম্যানচেস্টার সিটি। দলটিকে সবশেষ সাত ম্যাচে হারাতে পারেনি আর্সেনাল। লিগ শিরোপার নিষ্পত্তির দিক থেকে এবারের ম্যাচটি আবার ভীষণ গুরুত্বপূর্ণ। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে তাই দলকে কড়া বার্তা দিলেন আর্সেনাল কোচ। শিষ্যদের উদ্দেশে বললেন, সিটিকে ভয় পেলে তাদের ‘খুন’ করে ফেলবেন তিনি!

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলা সিটি ৭০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

অনেকের দৃষ্টিতে দুই দলের এবারের ম্যাচটি ঠিক করে দিতে পারে লিগের গতিপথ। টানা তিন ড্র করে আসা আর্সেনাল এ ম্যাচে পথ হারালে ১৯ বছর পর তাদের লিগ জয়ের আশা পড়ে যেতে পারে শঙ্কায়। অন্যদিকে আরও উজ্জ্বল হবে সিটির সম্ভাবনা।

সবশেষ ছয় লিগ ম্যাচের সবগুলোতে জিতে দারুণ ছন্দে আছে সিটি। কিন্তু তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না আর্তেতা। বরং পেপ গুয়ার্দিওলার দলের বিপক্ষের ম্যাচটি নিজেদের জন্য অবিশ্বাস্য সুযোগ হিসেবে দেখছেন আর্সেনাল কোচ।

“সিটিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি ছেলেরা তাদের ভয় পায়, তাহলে বলব-আমি তাদের খুন করে ফেলব; যদিও সেটা আমি কোনোভাবেই চাই না। আজকের রাতটি কঠিন এবং চ্যালেঞ্জিং হবে, কিন্তু এটা আমাদের জন্য অবিশ্বাস্য সুযোগও।“

“শুরু থেকেই আমরা জানতাম, প্রিমিয়ার লিগ জিততে হলে আমাদের স্পার্সদের (টটেনহ্যাম) মাঠে যেতে হবে এবং তাদেরকে হারাতে হবে। চেলসির মাঠে যেতে হবে এবং তাদেরকে হারাতে হবে। আমাদেরকে ঘর থেকে বেরিয়ে প্রতিপক্ষের মাঠে জিততে হবে এবং সেটাই আমরা করছি; সে কারণেই আমরা এখানে। এখন আমাদের সিটির মাঠে খেলতে হবে এবং তাদেরকে হারাতে হবে। যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই, তাহলে এই ম্যাচগুলো জিততে হবে। সহজ বিষয়।”