৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রোমাঞ্চ নিয়ে 'শেষ' বিশ্বকাপের অপেক্ষায় মার্তা

জাতীয় দলের হয়ে নিজের অর্জনে খুশি ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 03:52 PM

Updated : 04 Jul 2023, 03:52 PM

ব্রাজিল তো বটেই, মেয়েদের ফুটবলেরই একজন মহাতারকা মার্তা। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। আরেকটি বিশ্বকাপ খেলা নিয়ে রোমাঞ্চ অনুভব করছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। একই সঙ্গে নিশ্চিত করেছেন, বিশ্ব সেরার মঞ্চে এটিই হবে তার শেষ অংশগ্রহণ।  

২০০৩ সালে ব্রাজিল দলে অভিষেক হয় মার্তার। ১১৭ গোল নিয়ে মেয়েদের ফুটবলে দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার তিনি। তিনবার জিতেছেন কোপা আমেরিকা কিন্তু বিশ্ব মঞ্চে এখনও অধরা রয়ে গেছে শিরোপা।  

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৭ বছর বয়সী মার্তার সেরা অর্জন রানার্সআপ, ২০০৭ সালে। 

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ জুলাই। 

ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় গত সোমবার মার্তা তুলে ধরেন বিশ্বকাপে আর না খেলার সিদ্ধান্তের পেছনের ভাবনা। 

“হ্যাঁ, এটাই হবে আমার শেষ বিশ্বকাপ। আমাদের বুঝতে হবে যে, সবার জন্যই অন্য ব্যাপারগুলোকে অগ্রাধিকার দেওয়ার সময় আসে।” 

“জাতীয় দলে এতগুলো বছর খেলতে পারার জন্য আমাকে কৃতজ্ঞতা জানাতেই হবে। আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া, ষষ্ঠ বিশ্বকাপ খেলা, আমার কাছে পরাবাস্তব কিছু।” 

হাঁটুতে পাওয়া চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন মার্তা। ব্রাজিল কোচ পিয়া সুন্ধাগে বলেছেন, ফিটনেস সমস্যা থাকলে টুর্নামেন্টের শুরু থেকেই নাও খেলতে পারেন ছয়বারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।