২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোনোমতে ড্র করে মাঠকে দুষলেন আনচেলত্তি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ ড্রয়ের পর ব্রাজিল কোচ বললেন, টাউন্সভিলের এই মাঠে খেলা কঠিন ছিল।

কোনোমতে ড্র করে মাঠকে দুষলেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সিবিএফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 10:00 PM

Updated : 25 Sep 2026, 10:00 PM

যোগ করা সময়ের গোলে কোনোমতে হার এড়ানোর পর, মাঠের সমালোচনা করলেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচের দাবি, নর্থ কুইন্সল‍্যান্ড স্টেডিয়ামে খেলা ছিল কঠিন।

টাউন্সভিলে শুক্রবার প্রীতি ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ ড্র করে ব্রাজিল। নেস্টরি ইরানকুন্ডার গোলে পিছিয়ে পড়ার পর, যোগ করা সময়ের পঞ্চম মিনেটে হায়ানের গতিময় হেডে সমতা ফেরায় পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

ম‍্যাচের শুরুর দিকে মাঠের ঘাস নিয়ে অভিযোগ করতে দেখা যায় ভিনিসিউস জুনিয়রকে। মাঠ নিয়ে নিয়ে ব্রাজিল দলের অসন্তোষ আরও স্পষ্ট হয় ম‍্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তির মন্তব‍্যে।

“হারের মতো অনুভূতি হচ্ছে না, কারণ এটা একটা ড্র। আমি মনে করি, আমরা জিততেও পারতাম, আমরা সেই সুযোগ পেয়েছিলাম। এই মাঠে খেলা কঠিন ছিল।

“এটা সত‍্যি যে, গোল হজমের পর দল প্রতিক্রিয়া দেখায়। দিন শেষে, এই ড্র আমাদের প্রাপ‍্য। আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের এই পরীক্ষা দিতে হবে, কম খেলার সুযোগ পায় এমন খেলোয়াড়দের সুযোগ দিতে হবে এবং এগিয়ে যেতে হবে। এটা একটা পরীক্ষা ছিল এবং পরের ম‍্যাচ হবে আরেকটি পরীক্ষা।”

গোল হজমের আগ পর্যন্ত ব্রাজিলের খেলায় তেমন সমন্বয় ছিল না। মাঝমাঠ ও আক্রমণভাগের মধ‍্যে কোনো যোগসূত্র ছিল না। আক্রমণভাগের খেলোয়াড়দের মধ‍্যেও বোঝাপড়ার অভাব ছিল প্রকট।

এসব সমস‍্যা কাটিয়ে উঠতে আপাতত খুব বেশি সময় নেই আনচেলত্তির হাতে। আগামী মঙ্গলবার ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তার দল, এবার ব্রিজবেনে।