২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ছোঁয়া এবার হকিতে

ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্টে একটি দলের সত্ত্বাধিকারী হচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 06:49 PM

Updated : 05 Sep 2022, 06:49 PM

আয়োজনটা হকির। কিন্তু আকর্ষণের কেন্দ্রে ক্রিকেটের এক তারকা। নামটি যে সাকিব আল হাসান! বাংলাদেশের হকির বাঁক বদলের এক ক্ষণে সম্পৃক্ত হলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। হকির ফ্র্যাঞ্চাইজি লিগে একটি দলের মালিকানায় থাকছে সাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান।

হকির সুদিন ফেরানোর আশায় শুরু করা হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টের আনুষ্ঠানিক নাম, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি।’ প্রথম আসর শুরু হবে আগামী মাসের শেষ নাগাদ।

ছয়টি দল নিয়ে হবে এই আসর। রাজধানীর একটি হোটেলে সোমবার জানানো হয়, পাঁচটি দলের মালিকানা ঠিক হয়ে গেছে। একমি, রূপায়ন গ্রুপ, ওয়ালটন, সাইফ পাওয়ারটেক ও মোনার্ক মার্টের দল থাকছে এই লিগে। ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টে অংশীদারিত্ব আছে সাকিবের। আরেকটি দল পাবে কোন প্রতিষ্ঠান, তা কদিন পর জানাবে হকি ফেডারেশন।

বাংলাদেশ হকি ফেডারেশনের কাছ থেকে ৫ বছরের জন্য টুর্নামেন্টের স্বত্ব পেয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ‘এইস।’ বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান তারা। এই অনুষ্ঠানে হকি ফেডারেশনের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন এইসের চিফ প্যাট্রন ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

হকি লিগে দল নিতে আগ্রহী হওয়ার পেছনে সাকিব বললেন এই খেলার সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা।

“যেহেতু আমি বিকেএসপিতে পড়াশোনা করেছি, সব খেলার সঙ্গেই পরিচিতি আছে। আমার অনেক বন্ধু আছে হকি খেলোয়াড়, জাতীয় দলের সাবেক বা খেলছে, এরকম। আমার রুমমেট ছিল হকি খেলোয়াড়। হকির সঙ্গে একটা সংযোগ তাই ছিলই। আমাদের লকারের আশপাশ দিয়ে হকিস্টিক সবসময় থাকতই।”

সাকিবের বিশ্বাস, ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে নতুন কিছু খেলোয়াড় উঠে আসবে আর বাংলাদেশের হকি উঠতে পারবে নতুন উচ্চতায়।

“আমার বিশ্বাস, যদি উপযুক্ত প্রমোশন হয় এবং সঠিক উদ্যোগ নেওয়া হয়, হকিতে আমরা বিশ্বকাপ খেলতেই পারি। প্রথমে হয়তো কিছু দিনের জন্য ভালো অপশন যে, শুরুটা অন্তত করা হলো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে। গোটা পৃথিবীতেই এই মডেলটা খুব সফল। এটা অনুসরণ করা ভালো একটা দিক।”

“যে উদ্দেশ্যে আসলে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা, তা হচ্ছে তরুণ খেলোয়াড়দের বের করে আনা। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা থেকে আমরা ৪-৫ জন এমন তরুণ খেলোয়াড় পাব, যারা ভবিষ্যতে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে এবং হকিতে বাংলাদেশকে আরও উঁচুতে নিয়ে যেতে পারবে।” ৬টি বিভাগীয় দলের মালিকানা থাকবে কর্পোরেট দলগুলির। টুর্নামেন্টে ম্যাচ হবে ৩৪টি। প্রতি দলে আইকন খেলোয়াড় থাকবেন। সর্বোচ্চ ৪ জন করে বিদেশি খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারবে দলগুলি।