২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ের জালে পাঁচ গোল দিয়ে টানা পঞ্চম শিরোপার মঞ্চে ব্রাজিল

কোপা আমেরিকার রেকর্ড শিরোপাজয়ী দল আরও একটি শিরোপার ফাইনালে, ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে হারিয়ে আসা কলম্বিয়া।

উরুগুয়ের জালে পাঁচ গোল দিয়ে টানা পঞ্চম শিরোপার মঞ্চে ব্রাজিল
ব্রাজিল ছুটছে আরেকটি শিরোপার পথে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 12:23 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

শক্তি-সামর্থ্য-সম্ভাবনায় ব্রাজিল এগিয়ে ছিল অনেকটাই। তবু সেমি-ফাইনাল ম্যাচে কিছুটা লড়াইয়ের প্রত্যাশা তো ছিলই। কিন্তু কীসের কী। ব্রাজিলিয়ান দাপটে স্রেফ উড়ে গেল উরুগুয়ে। একতরফা সেমি-ফাইনালে বিশাল জয়ে ব্রাজিল পৌঁছে গেল আরও একটি শিরোপার দুয়ারে।

উইমেন’স কোপা আমেরিকার সেমি-ফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রাখে ব্রাজিল। 

একুয়েডরের কিতোয় মঙ্গলবার দুই অর্ধে দুটি গোল করেন ফরোয়ার্ড আমান্দা গুতিয়েহেস, একটি করে গোল করেন কিংবদন্তি মার্তা এবং দুই তরুণ ফরোয়ার্ড জিও গার্বেলিনি ও দুদিনিয়া। উরুগুয়ের কেউ গোল করতে পারেননি। তাদের একমাত্র গোলটি ব্রাজিলের আত্মঘাতী।

ফাইনালে টানা পঞ্চম শিরোপার আশায় মাঠে নামবে ব্রাজিল। উইমেন’স কোপা আমেরিকার ইতিহাসজুড়েই অবশ্য তাদের শ্রেষ্ঠত্ব খোদাই করা। প্রতিযোগিতার দশম আসর এটি, প্রতিবারই ফাইনালে উঠল তারা।

প্রথম চার আসরে টানা চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৬ আসরে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে। সেই অঘটনের পুনরাবৃত্তি হয়নি আর। পরের চার আসরে ট্রফি জিতে এখন তারা টানা পঞ্চমের অপেক্ষায়। 

ফাইনালে তাদের প্রতিপক্ষ গত আসরের আরেক ফাইনালিস্ট কলম্বিয়া। সেমি-ফাইনালে এবার আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে আবার ফাইনালে এসেছে তারা।

শনিবারের ফাইনালে পরিষ্কার ফেভারিট ব্রাজিল। তবে কলম্বিয়াকে হালকাভাবে নিচ্ছেন না সেমিতে দুই গোল করা গুতিয়েহেস।

“আমরা খুবই খুশি। আমার প্রথম ফাইনাল এটি। কোচের সঙ্গে আমরা যে কঠোর পরিশ্রম করছি, সেটিরই প্রতিফলন আমাদের এই ফল।”

“কলম্বিয়া খুবই কঠিন প্রতিপক্ষ। তবে ট্রফি জিততে আমরা প্রচণ্ড পরিশ্রম করছি।”

ফাইনালে উঠে ২০২৮ অলিম্পিকসে জায়গা নিশ্চিতও করে ফেলেছে ব্রাজিল। ২০২৪ অলিম্পিকসের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্রাজিল পেয়েছিল রুপা।