‘ইয়ামালকে ছাড়া জিততে শিখতে হবে বার্সেলোনাকে’
লামিনে ইয়ামালকে ছাড়াই দলকে মানিয়ে নিতে হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
অ্যাঙ্কেলের চোটে টানা দ্বিতীয় ম্যাচে লামিনে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা। লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে তাকে না পাওয়ার কথা জানিয়ে কোচ হান্সি ফ্লিক বলছেন, তরুণ এই উইঙ্গারকে ছাড়া জয়ের মানসিকতা থাকতে হবে তাদের।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়ের পর আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিগে রেয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারে বার্সেলোনা। আক্রমণভাগে ইয়ামালের অভাব সেদিন ভালোই অনুভব করে কাতালান দলটি।
জয়ে ফেরার লক্ষ্যে শনিবার সেল্তার মাঠে খেলবে তারা। আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিককে জিজ্ঞেস করা হয়, ইয়ামালকে ছাড়া বার্সেলোনা ম্যাচ জিততে পারবে কি-না। জার্মান কোচ বলেন, দলের কাছেই প্রশ্নটা করবেন তিনি।
“আমি (শনিবার) দলকে জিজ্ঞেস করব। আমার মনে হয়, তাদের (খেলোয়াড়) জন্য ভালো প্রশ্ন এটি।”
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬টি গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন ১৭ বছর বয়সী ইয়ামাল। এই তরুণ না থাকার কারণে সোসিয়েদাদের বিপক্ষে তারা হেরেছেন বলে মনে করেন না ফ্লিক।
“রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে আমরা খুব একটা ভালো খেলতে পারিনি, এটিই ছিল (হারের) কারণ। লামিনের না খেলাটা কারণ ছিল না।”
“লামিনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু (তাকে ছাড়া) আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের এমন খেলোয়াড় আছে, যারা তার জায়গায় খেলতে পারে (আক্রমণভাগে ডান দিকে)। সেটা হতে পারে (রাফিনিয়া), হতে পারে দানি (ওলমো), ফের্মিন (লোপেস), পাবলো (তোরে) কিংবা পাউ (ভিক্তর)।”
এই মাসের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ডান অ্যাঙ্কেলে চোট পান ইয়ামাল। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ব্রেস্তের বিপক্ষেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।
