ছয় গোলের জমজমাট ম্যাচে মিইয়ে রইলেন মেসি
উত্তেজনাপূর্ণ লড়াইটি লিওনেল মেসির জন্য ছিল বিরল এক ম্যাচ, যেখানে তিনি একদমই ছিলেন নিজের ছায়া হয়ে, ম্যাচজুড়ে ভুল করেছেন বারবার।
জর্দি আলবার ক্রস বক্সের ভেতর বুক দিয়ে দারুণভাবে নামিয়ে একদম গোলমুখে চলে গেলেন লিওনেল মেসি। কিন্তু খুব কাছ থেকে নেওয়া তার বাঁ পায়ের শট ঠেকিয়ে দিলেন গোলকিপার। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটের খেলা চলছে তখন। মেসি সুযোগ হারানোয় মায়ামির শেষ আশাও ভেস্তে গেল। শেষ পর্যন্ত ফয়সালা হলো না ম্যাচেরও।
মেজর লিগ সকারে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-৩ গোলে ড্র করে স্যান হোজে আর্থকোয়েকস ও ইন্টার মায়ামি।
মেসির জন্য ম্যাচটি ছিল বিরল এক অভিজ্ঞতা, যেখানে তিনি ছিলেন অনেকটাই মিইয়ে। গোল করতে বা গোলে সহায়তা করতে পারেননি সরাসরি, ড্রিবল করতে গিয়ে গড়বড় করেছেন বারবার, শট লক্ষ্যভ্যষ্ট হয়েছে বারবার। এমনকি পাস দেওয়ার ক্ষেত্রেও ভুল করেছেন বারবার। ৩৯তম মিনিটে একটি হেড নিয়েছিলেন বক্সের ভেতর নিচু হয়ে। সেটিও ছিল একদম গোলকিপারের সোজাসুজি। সব মিলিয়ে জাদুকর যেন স্রেফ নিজের ছায়া হয়ে ছিলেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এই ম্যাচের শুরুটাই ছিল নাটকীয়তায় ঠাসা। স্যান হোজের মাঠে ম্যাচ শুরুর ৩৫ সেকেন্ডেই গোলের দেখা পায় মায়ামি। আলাবার লম্বা ক্রসে দারুণ হেডে গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার মাক্সিমিলিয়ানো ফালকন।
জবাব দিতে খুব একটা সময় নেয়নি স্যান হোজে। তৃতীয় মিনিটেই মায়ামির গোলকিপার অস্কার উস্তারির বাজে এক ভুলে গোল করে সমতায় ফেরে ঘরের দল।
শুরুর সেই ধারা চলতে থাকে প্রথমার্ধজুড়ে। ৩৭তম মিনিটে এগিয়ে যায় স্যান হোজে। ৪৪তম মিনিটে আলাবার পাস থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান তাদেও আইয়েন্দে। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবার এগিয়ে যায় স্যান হোজে।
দ্বিতীয়ার্ধে সেটি ফিরিয়ে দিতেও খুব অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ৫২তম মিনিটে আইয়েন্দের দ্বিতীয় গোল সমতায় ফেরায় দলকে।
এরপরও আক্রমণ ও প্রতিআক্রমণে ম্যাচ ছিল জমজমাট। কিন্তু কোনো দল আর গোল আদায় করতে পারেনি। দুই দলের গোলকিপারই তিনটি করে সেভ করেন।
এই ড্রয়ের পর ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মায়ামির অবসথান এখন পঞ্চম। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি।
