২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশেষ প্রতিভা’ এন্দ্রিককে নিয়ে রোমাঞ্চিত আনচেলত্তি

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে হারলেও এন্দ্রিকের পারফরম্যান্সে মুগ্ধ রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 07:38 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে যুক্তরাষ্ট্র সফরের শুরুটা রেয়াল মাদ্রিদের জন্য হয়েছে হতাশার। তবে এসি মিলানের বিপক্ষে হেরে গেলেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন কার্লো আনচেলত্তি। বিশেষ করে অভিষিক্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিকের পারফরম্যান্সে খুশি তিনি। এই তরুণের মাঝে ‘বিশেষ কিছু’ আছে বলে মনে করেন রেয়াল কোচ।

শিকাগোয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে প্রীতি ম্যাচে মিলানের বিপক্ষে ১-০ গোলে হারে রেয়াল। দ্বিতীয়ার্ধে গোলটি করেন সামুয়েল। 

কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে গেছে রেয়াল। মিলান ম্যাচ দিয়ে দলটির জার্সিতে অভিষেক হয় ‘নতুন পেলে’ নামে পরিচিতি পাওয়া এন্দ্রিকের। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর গত মাসে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ইউরোপের সফলতম দলটিতে যোগ দেন তিনি। তাকে দলে নিতে ২০২২ সালেই পালমেইরাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছিল রেয়াল।

মিলানের বিপক্ষে প্রথমার্ধে খেলেন এন্দ্রিক। উল্লেখযোগ্য কিছু অবশ্য করে দেখাতে পারেননি তিনি। সুযোগ তৈরি করেন একটি। তবে গোলের জন্য কোনো শট নিতে পারেননি।

তবে কাছ থেকে যতটুকু দেখেছেন তাতে এন্দ্রিকের পারফরম্যান্সে, বিশেষ করে তার দক্ষতায় মুগ্ধ কোচ আনচেলত্তি।

“সে এমন একজন, যার সত্যিই বিশেষ কিছু আছে। সে খুব দ্রুতগতির, আঁটসাঁট জায়গায় খুব বিপজ্জনক, নিজেকে অরক্ষিত রাখতে খুবই ক্ষিপ্র। আর এই সব গুণাবলীর অর্থ হলো সে দুর্দান্ত প্রতিভা। এই ধরনের বৈশিষ্ট্য থাকা খেলোয়াড়কে দেখা বিরল।”

যুক্তরাষ্ট্র সফরে রেয়ালের প্রথম ম্যাচ ছিল এটি। মিলানের বিপক্ষে আক্রমণভাগে বেশ ভুগেছে তারা। গোলের জন্য লক্ষ্যে শট রাখতে পারে মাত্র দুটি। সব মিলিয়ে গোলের জন্য শট নিতে পারে তারা আটটি। আনচেলত্তি অবশ্য দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি।

রেয়ালের পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী রোববার সকালে, নিউ জার্সিতে বার্সেলোনার বিপক্ষে।