১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুয়ারেসকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে উরুগুয়ে

অবসর ভেঙে জাতীয় দলে ফেরার দুয়ার খোলা রাখলেও ডাক পেলেন না উরুগুয়ের রেকর্ড গোলস্কোরার।

সুয়ারেসকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে উরুগুয়ে
লুইস সুয়ারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 10:50 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

জাতীয় দলে ফেরা কিংবা আরেকটি বিশ্বকাপে খেলা হচ্ছে না লুইস সুয়ারেসের। এই তারকাকে ছাড়াই উত্তর আমেরিকা আসরের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা।

২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে রেকর্ড ৬৯ গোল করা সুয়ারেস। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড সম্প্রতি বলেছিলেন, জাতীয় দলে প্রয়োজন হলে তিনি অবসর ভেঙে ফিরবেন। কিন্তু রোববার ঘোষিত দলে জায়গা হলো না তার।

আরেক অভিজ্ঞ ফুটবলার নাহিতান নান্দেসও দলে ডাক পাননি। ৩০ বছর বয়সী এই উইঙ্গার বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে খেলেছিলেন।

ওই দুজন বাদে নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাই দলে আছেন। রক্ষণভাগ সামলাবেন রোনাল্দ আরাউহো, হোসে মারিয়া হিমেনেস ও মাথিয়াস অলিভেরা।

মাঝমাঠ সামলাবেন ফেদেরিকো ভালভের্দে, রদ্রিগো বেন্তানকুর, মানুয়েল উগার্তে ও নিকোলাস দে লা ক্রুসের মতো খেলোয়াড়রা। আক্রমণভাগের নেতৃত্ব দেবেন দারউইন নুনেস।

আগামী ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কেপ ভার্দে ও স্পেন।