১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গোলমেশিন’ ছাড়াই ফ্রান্সের মুখোমুখি মরক্কো

চলতি আসরে ৩ গোল করা ইসমায়েল সাইবারিকে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না মরক্কো।

‘গোলমেশিন’ ছাড়াই ফ্রান্সের মুখোমুখি মরক্কো
মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 04:52 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

কানাডা ম্যাচে পেশিতে পাওয়া চোটের কারণে সংশয় ছিল আগে থেকে। শঙ্কাই হয়েছে সত্যি। শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকার ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না মরক্কো। 

ফ্রান্সের মধ্যে আক্রমণভাগ নিয়ে কোনো দুর্ভাবনাই নেই। কিলিয়াম এমবাপে, উসমান দেম্বেল, মাইকেল ওলিসে সবাই আছেন ফিট। উত্তর আমেরিকা বিশ্বকাপে এরই মধ্যে ৭ গোল করেছেন এমবাপে; চলতি আসরে দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। দেম্বেলের নামের পাশে, একটি হ্যাটট্রিকসহ চার গোল। দুই গোল আছে বাহডলে বাহকোলা।

তিন গোল করে এ আসরে মরক্কোকে পথ দেখাচ্ছিলেন সাইবারি। কিন্তু শেষ ষোলোয় কানাডার বিপক্ষে পেশিতে চোটে পেয়ে ২২তম মিনিটে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। তার বদলি নামা সুফিয়ানো ব্রাহিমি ৩-০ ব্যবধানের জয়ে শেষ গোলটি করেন। এর আগে জোড়া গোল করেন আজেদিন উনায়ি। 

সাইবারির চোটে মরক্কোর ‘প্রতিশোধের মিশন’ কার্যত ধাক্কা খেয়েছে শুরুতেই। বিশ্বকাপে দুই দলের সবশেষ দেখা হয়েছিল, ২০২২ সালে, কাতারের আসরে। সেবার সেমি-ফাইনালে থিও এর্নঁদেজ ও কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে জিতেছিল ফ্রান্স। চার বছর আগের সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার লক্ষ্য নিয়ে বস্টনে নামবে মরক্কো। বাংলাদেশ সময় ১০ জুলাই ২টায় (এএম) শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের আগে আক্রমণভাগ নিয়ে দারুণ স্বস্তিতে ফ্রান্স। গোল্ডেন বুট জয়ের দৌড়ে ভালোভাবে আছেন এমবাপে। গত বিশ্বকাপের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার পথেও আছেন রেয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ৭ গোল নিয়ে তালিকায় তার সঙ্গী নরওয়ের আর্লিং হলান্ড। এক গোল বেশি নিয়ে শীর্ষে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

তিন জনের হলুদ কার্ড নিয়ে একটু দুর্ভাবনা আছে ফ্রান্সের। এদের মধ্যে আছেন ওলিসেও। এ মুহূর্তে উত্তর আমেরিকা বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তার, ৫টি। হলুদ কার্ডের দুর্ভাবনাটুকু বাদ দিলে, ফ্রান্স কোচ দিদিয়ে দেশোঁর জন্য বড় কোনো দুঃশ্চিন্তা নেই বললেই চলে।

মরক্কো কোচ মোহামেদ ওয়াহ্‌বির কাঁধে সমর্থকদের প্রত্যাশা পূরণের মহাভার। আরব-আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলার কীর্তি তারা গড়েছে গত আসরেই। এরপর আদালতের ‘বির্তকিত’ রায়ে জিতেছে ২০২৫ সালের আফ্রিকার নেশন্স কাপ। উত্তর আমেরিকা বিশ্বকাপের মঞ্চে তারা এসেছে বড় স্বপ্ন নিয়ে। এই পথ চলায় গ্রুপ পর্বে ব্রাজিলকে ড্রয়ে রুখে দিয়ে, নকআউট পর্বের শুরুতে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সামর্থ্যের জানান দিয়েছে তারা।

এবারের আসরে পাঁচ ম্যাচের অপরাজিত পথচলায় মরক্কোর সঙ্গী ছিলেন সাইবারি। কিন্তু ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি তাদের খেলতে হবে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারকে ছাড়া। তবে, দলটির কোচ ওয়াহ্‌বি যা বললেন, তাতে ফ্রান্সের বিপক্ষে জয়ের প্রশ্নে তার আশাবাদই ফুটে উঠল প্রবলভাবে।

“সাইবারি ছাড়া সবাইকে পাওয়া যাবে। ম্যাচগুলো খুব দ্রুত হওয়ার কারণে এই ম্যাচে তাকে আমরা পাচ্ছি না। তবে, আমি নিশ্চিত, এবং আশা করি, টুর্নামেন্টের বাকি সময়ের জন্য সে ছিটকে যায়নি।”