Published : 17 Jan 2026, 10:45 PM
প্রাক মৌসুমে সুযোগ দিয়েছেন, স্কোয়াডেও নিয়মিত রাখছেন; কিন্তু ড্রু ফের্নান্দেসকে খেলার জন্য যথেষ্ট সময় দিতে পারছেন না হান্সি ফ্লিক। সে কারণেই হয়তো অপেক্ষা না করে নতুন ঠিকানা খুঁজে নিতে চাচ্ছেন তরুণ মিডফিল্ডার। এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এতে যোগ দিতে চাচ্ছেন না বিরক্ত বার্সেলোনা কোচ।
লা লিগায় রোববার রেয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের দিন ফ্লিকের সংবাদ সম্মেলনে কয়েকবার এলো ড্রুর প্রসঙ্গ। শুরুতে এক বাক্যে উত্তর দিলেন ফ্লিক।
“আমি তখনই কথা বলব, যখন এটা শেষ হবে। এর আগে নয়।”
ড্রুর মাঝে বার্সেলোনার ভবিষ্যৎ দেখা হচ্ছে। তবে মিডফিল্ডে এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় থাকায় সেভাবে সুযোগ মিলছে না তার। খুব কম বয়সেই বার্সেলোনার একাদশে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল, পাউ কুবার্সির মতো খেলোয়াড়রা। অন্যরাও হয়তো সেই সুযোগের জন্য অধীর হয়ে উঠেছেন।
এ বিষয়ের প্রশ্নে অবশ্য সরাসরি উত্তর দিলেন না ফ্লিক।
“আমি কোচ হিসেবে এর উত্তর দিতে চাই না। খেলোয়াড়দের উন্নতির জন্য আমি অনেক প্রাণশক্তি ব্যয় করি। তবে ওদের আশেপাশে আরও অনকে মানুষ আছে। যদি (ড্রু) অন্য ক্লাবে চলেই যায়, তখন আমাকে প্রশ্ন করবেন, আমি কথা বলব, এখন নয়।”
এই পরিস্থিতিতে তরুণ খেলোয়াড়দের কী পরামর্শ দেবেন বার্সেলোনা কোচ?
“আমার বার্তা হবে প্রতিদিনকার অনুশীলন নিয়ে। যখন সম্ভাবনা নিয়ে খেলোয়াড়রা আসে, তাদের অনুশীলন, মনোভাব এবং তারা পেশাদার কী-না, সেদিকে নজর রাখার ভাবনা থাকে আমাদের। আমরা বড় দল, এবং এখানে সবাইকে খেলানো সহজ নয়। বিষয়টা পরিষ্কার। তবে প্রতিটি অনুশীলন সেশন এই খেলোয়াড়দের আরও ভালো করে তোলে। এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। আর যখন তারা মাঠে নামার যোগ্য হয়, তখনই সে খেলার সুযোগ পায়।”
ড্রুকে নিয়ে হতাশা বুঝতে পারছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা। তারা জানতে চান, দুই তরুণ মিডফিল্ডার মার্ক কাসাদো ও মার্ক বের্নাল কী বার্সেলোনায় থাকবে?
“আমি জানি না, আমার চাওয়া এরা সবাই থাকুক। ড্রুর ব্যাপারটা এখনও চূড়ান্ত হয়নি, তবে এটাই ফুটবল। এখানে এমন খেলোয়াড় আছে যাদের বয়স ১৭ বা ১৮; তবে এদের আশেপাশে এমন কেউ আছে যারা তাদের এমন সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। তবে আমি এর বেশি কিছু বলতে চাই না।”