ফিরেই আবার মাঠের বাইরে জেমস
ফের হাঁটুতে চোট পেয়েছেন চেলসির এই ইংলিশ ডিফেন্ডার।
হাঁটুর চোটে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন রিস জেমস। খেলতে পারেননি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে। সেরে উঠে ফেরার ম্যাচে আবারও চোট পেয়ে ছিটকে গেলেন চেলসির এই ডিফেন্ডার।
বিশ্বকাপ বিরতির পর জয় দিয়ে প্রিমিয়ার লিগে পথচলা শুরু করেছে চেলসি। মঙ্গলবার বোর্নমাউথকে ২-০ গোলে হারানো ম্যাচে চোট পেয়েছেন জেমস।
ম্যাচে ৫৩ মিনিট খেলতে পারেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। অস্বস্তি অনুভব করায় জেমস নিজেই ইশারা দেন তার বদলি নামানোর। মাঠেই কিছুক্ষণ তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর হেঁটে মাঠ ছাড়েন তিনি।
গত ১১ অক্টোবর এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন জেমস। যা তাকে ছিটকে দেয় বিশ্বকাপ থেকে। এরপর হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে ডিসেম্বরের শুরু থেকে অনুশীলনে ফেরেন তিনি।
বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে হাঁটুতেই ব্যথা পেলেন জেমস। ম্যাচ শেষে চেলসি কোচ গ্রাহাম পটারের কথায় গুরুতর কিছুর আভাস মিলেছে।
“তার অবস্থা ভালো নয়। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তার অবস্থা কী দাঁড়ায়। এখনই কিছু অনুমান করা আমার জন্য কঠিন। তবে সে যেভাবে মাঠ ছেড়েছে, এটা ইতিবাচক কিছু নয়।”
“এখন আমাদের প্রার্থনা করতে হবে। আগামী দুয়েক দিনের মধ্যে তার অবস্থা জানা যাবে।”
১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ৮ নম্বরে আছে চেলসি।
