২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেভানদোভস্কির গোলে বার্সার কষ্টের জয়

আবারও লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে শাভি এরনান্দেসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 02:52 AM

Updated : 02 Oct 2022, 03:29 AM

খুব বেশি সুযোগ তৈরি করতে পারল না বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে তো কিছুটা চাপের মুখেই ছিল তারা। তবে রবের্ত লেভানদোভস্কির শুরুতে করা গোল শেষ পর্যন্ত আগলে রেখে স্বস্তির জয় নিয়ে ফিরল শাভি এরনান্দেসের দল।

মায়োর্কার মাঠে লা লিগায় শনিবার রাতে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ আছে রোববার ওসাসুনাকে হারিয়ে চূড়ায় ফেরার।

টানা পাঁচ ম্যাচে জাল অক্ষত রেখে জিতল বার্সেলোনা। টানা ৬ জয়ের পথে তারা গোল করেছে মোট ১৯টি, হজম করেছে কেবল একটি।

সবসময়ের মতো শুরু থেকে বল দখলে রাখার কৌশল নেওয়া বার্সেলোনা ২০তম মিনিটে এগিয়ে যায়। বাঁ দিক দিয়ে আক্রমণ শাণানো আনসু ফাতি এক ঝটকায় সামনের প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে পাস বাড়ান সামনে। আর বল ধরে ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে গোলটি করেন লেভানদোভস্কি।

লা লিগায় টানা ৬ ম্যাচে জালের দেখা পেলেন পোলিশ তারকা; পিচিচি ট্রফির দৌড়ে ৯ গোল নিয়ে শীর্ষে তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে তার গোল হলো ১২টি।

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড নেন লেভানদোভস্কি। তিন মিনিট পর বার্সেলোনার বক্সে ভীতি ছড়ায় মায়োর্কা। তবে ইয়াওমে কস্তার স্লাইড শট ঠেকাতে তেমন বেগ পেতে হয়নি গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের।

বিরতির পর প্রথম ছয় মিনিটে দুটি ভালো আক্রমণ করে মায়োর্কা। ভেদাত মুরিকির হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর আন্তোনিও সানচেসের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান টের স্টেগেন।

এরপর খেলার গতি অনেকটা কমে যায়। কেউই পারছিল না সুযোগ তৈরি করতে। ৬৭তম মিনিটে জোড়া পরিবর্তন করেন বার্সেলোনা কোচ; ফঁক কেসিয়ে ও আনসু ফাতিকে তুলে পেদ্রি ও রাফিনিয়াকে নামান।

শেষ দিকে চাপ বাড়ায় মায়োর্কা। কয়েকটি ভালো সুযোগও পায় তারা। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় টের স্টেগেনের তেমন কঠিন পরীক্ষা নিতে পারেনি দলটি।

রায়ো ভাইয়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরুর পর এই নিয়ে লিগে টানা ৬ ম্যাচ জিতল বার্সেলোনা। সাত ম্যাচে তাদের পয়েন্ট হলো ১৯।

এক ম্যাচ কম খেলা রিয়াল ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে। বার্সেলোনার সমান সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আথলেতিক বিলবাও।