অস্ত্রোপচারের পর ‘কোমায়’ নটিংহ্যামের ফুটবলার
নাইজেরিয়ান স্ট্রাইকারের শারীরিক অবস্থা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইংলিশ ক্লাবটি।
ম্যাচ খেলার সময় পেটে গুরুতর চোট পাওয়া ফুটবলার টাইয়ো আয়োনিয়ির অস্ত্রোপচার করা হলেও, এরপর তিনি কোমায় চলে গেছেন বলে ব্রিটিশ গণমাধ্যমের খবর।
প্রিমিয়ার লিগে গত রোববার লেস্টার সিটির সঙ্গে ২-২ ড্র ম্যাচে ওই দুর্ঘটনার শিকার হন আয়োনিয়ি। ৮৮তম মিনিটে সতীর্থ এলাঙ্গার একটি ক্রসে পা ছোঁয়াতে গিয়ে গোলপোস্টের সঙ্গে সংঘর্ষ হয় তার।
২০২২ সালে ইউনিয়ন বার্লিন থেকে ফরেস্টে যোগ দেওয়া আয়োনিয়ি ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন না। ইব্রাহিমের বদলি নামার পাঁচ মিনিট পরই গুরুতর চোট পান নাইজেরিয়ান স্ট্রাইকার।
মাঠে প্রাথমিক চিকিৎসার নেওয়ার পর অবশ্য পুনরায় খেলা শুরু করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে শেষ ১০ মিনিট তাকে খোঁড়াতে দেখা যায়।
পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বিবিসির খবর অনুযায়ী, সোমবার রাতে তার অস্ত্রোপচার করানো হয়। পরদিন নটিংহ্যাম ফরেস্টের পক্ষ জানানো হয়, ‘ভালোভাবে’ সেরে উঠছেন আয়োনিয়ি।
তবে বিবিসিসহ আরও কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম মঙ্গলবার দিনের পরের অংশে জানায়, প্রথম পর্বের অস্ত্রোপচারের পরই আয়োনিয়ি কোমায় চলে গেছেন।
নতুন পরিবর্তিত এই পরিস্থিতিতে মন্তব্যের জন্য নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স।
