Published : 27 Feb 2025, 11:44 PM
ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ক্লাউদিও এচেভেরি। এখন ইংলিশ ক্লাবটির জার্সিতে খেলার জন্য তর সইছে না আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারের।
রিভার প্লেট থেকে এক কোটি ২৫ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের চুক্তিতে ২০২৪ সালের জানুয়ারিতে এচেভেরিকে চুক্তিবদ্ধ করে ম্যানচেস্টার সিটি। তবে গত মাস পর্যন্ত ধারে স্বদেশের ক্লাবটিতেই ছিলেন তিনি।
সদ্যই অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে খেলে এসেছেন এচেভেরি। তার নেতৃত্বে সেখানে শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে ৯ ম্যাচে তিনি গোল করেছেন ৬টি। রিভার প্লেটের হয়ে ৪৮ ম্যাচে তার গোল ৪টি।
১৯ বছর বয়সী এই ফুটবলার বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। এই ক্লাবে যোগ দিয়ে রোমাঞ্চিত এচেভেরি, যাকে মনে করা হয় ‘পরবর্তী মেসি।’
“ম্যানচেস্টারে থাকতে এবং অবশেষে নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পেরে আমি কতটা রোমাঞ্চিত, তা বলে বোঝাতে পারব না। ফুটবল আমার জীবন এবং স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলগুলোর একটিতে খেলা। এখন সেই স্বপ্ন পূরণের আরও কাছে আমি।”
“ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা দলগুলোর একটি। তারা শুধু ট্রফিই জেতে না, তারা খেলাটি খুব সুন্দরভাবে খেলে।”
গত চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির এবারের মৌসুম ভালো কাটছে না। লিগে পেপ গুয়ার্দিওলার দল আছে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২০ পয়েন্টে পিছিয়ে। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে বিদায় নিয়েছে তারা।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে আগামী শনিবার দ্বিতীয় স্তরের দল প্লাইমাউথের মুখোমুখি হবে সিটি।