ভাগ্যকে পাশে পেয়ে সালাহর হাসিমুখ, আর তাকে ‘ফিরে পেয়ে’ খুশি কোচ
নতুন একটি রেকর্ডও গড়লেন লিভারপুল তারকা, অ্যানফিল্ডে আবারও শোনা গেল সালাহর নামে গান।
দীর্ঘ মাস দুয়েকের ভীষণ কঠিন সময়ের পর অবশেষে লিভারপুলের সবকিছু যেন ঠিকঠাক হতে শুরু করেছে। চ্যাম্পিয়ন্স লিগের পর এবার প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরেছে তারা। টানা দ্বিতীয় জয়ের দিনে লিভারপুলের বিশেষ প্রাপ্তি আছে আরেকটি; কোচ আর্না স্লটের সঙ্গে ‘মনোমালিন্য শেষে’ আবার যেন দলে স্বচ্ছন্দ বোধ করছেন মোহামেদ সালাহ।
এবারের প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ রাউন্ডে জয়ের পর, সবকিছু এলোমেলো হতে শুরু করে লিভারপুলের। একটা পর্যায়ে লিগে তারা হেরে বসে টানা চার ম্যাচে, সাত ম্যাচের মধ্যে পরাজিত হয় ছয়টিতে।
লিভারপুলের ব্যর্থতার ধারা চলে অন্য প্রতিযোগিতায়ও; লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে পড়ে তারা, চ্যাম্পিয়ন্স লিগেও পাঁচ ম্যাচ খেলে হারে দুটিতে।
ব্যর্থতার সেই জাল যেন এবার ছিঁড়তে পেরেছে দলটি। অন্তত গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মাঠে ১-০ গোলে জয়ের পর, শনিবার রাতে ঘরোয়া লিগে ব্রাইটনের বিপক্ষে তাদের শরীরী ভাষা ও ২-০ গোলে জয়ের ফল সেই আভাস দিচ্ছে।
ম্যাচের পর বিবিসিকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সালাহর কণ্ঠে প্রকাশ পেল সেই সুর। তার চোখেমুখেও ধরা পড়ল তারই প্রতিচ্ছ্ববি।
“কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবার মনে হলো, যেন আজ একটু ভাগ্য আমাদের পক্ষে ছিল। আমরা যে মানসিকতা দেখিয়েছি এবং আমাদের যে চোটের সমস্যা আছে, তাতে হয়তো এটুকু ভাগ্য আমাদের প্রাপ্য ছিল।”
সালাহ নিজেও বেশ লম্বা সময় ধরে নিজেকে খুঁজে ফিরছিলেন। টানা বর্ণহীন পারফরম্যান্সের জন্য লিগে আগের তিন ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান তিনি, এর দুটিতেই আবার পুরোটা সময় তার কাটে বেঞ্চে বসে।
এতে তার জমা হওয়া ক্ষোভের বিস্ফোরণ ঘটে গত সপ্তাহে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর। কোচ আর্না স্লটকে ইঙ্গিত করে তিনি বলেন, “ক্লাবে কেউ একজন চায়, সব দোষ যেন আমার ওপর পড়ে।”
এতে তীব্র সমালোচনার মুখে পড়েন মিশরের ফরোয়ার্ড। ‘শাস্তিস্বরূপ’ ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় তাকে। জানুয়ারির দলবদলে তার অন্য ক্লাবে চলে যাওয়ার গুঞ্জনও জোরাল হতে থাকে।
তবে শুক্রবার তার সঙ্গে আলোচনায় বসেন স্লট। এরপরই ক্লাবের হয়ে ২৫০ গোল করা তারকাকে স্কোয়াডে ফেরান কোচ। শুরুর একাদশে সুযোগ না পেলেও, জো গোমেজের চোটে ২৬তম মিনিটেই সালাহকে নামান স্লট।
কোচকে নিরাশ করেননি সালাহ। গোল না পেলেও, জোড়া গোলদাতা উগো একিটিকের দ্বিতীয়টিতে অবদান রাখেন তিনি। সেই সঙ্গে দারুণ একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা; প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো একক দলের হয়ে এই নিয়ে মোট ২৭৭ গোলে জড়িয়ে তার নাম, যা সর্বোচ্চ। তিনি ভেঙে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গড়া ওয়েইন রুনির আগের রেকর্ড (২৭৬)।
গত সপ্তাহের ওই বোমা ফাটানোর পর সাবেকদের অনেকে সালাহর কড়া সমালোচনা করলেও, ক্লাবের সমর্থকদের কাছে যে তিনি আগের মতোই প্রিয় আছেন, সেটা বোঝা যায় ওই গোলের পর। তার নামে গ্যালারি থেকে ভেসে আসে গান।
শেষ দিকে গোল করে মুহূর্তটাকে রাঙানোর দারুণ সুযোগও পান সালাহ, যদিও উড়িয়ে মেরে হতাশ করেন তিনি। তবে, প্রিয় তারকাকে আগের রূপে ফিরে পাওয়ার আভাস পেয়েই বেশ খুশি ‘অল রেড’ সমর্থকরা। শেষ বাঁশি বাজার পর, সালাহকেও দেখা গেল হাসিমুখে, গ্যালারির কাছে গিয়ে সমর্থকদের দিকে বেশ কিছুক্ষণ ধরে হাততালি দিলেন তিনি।
সালাহকে এভাবে মাঠে পেয়ে স্লটের কণ্ঠেও স্বস্তি আর আনন্দ একসঙ্গে ধরা দিল।
“আমার মতে, আজ (শনিবার) সে (প্রতিপক্ষের জন্য) ছিল ভয়ঙ্কর। প্রথমবার বল স্পর্শ করার মুহূর্তেই সে প্রায় একটি অ্যাসিস্ট করে ফেলেছিল (আলেক্সিস) মাক আলিস্তেরকে। তাকে এভাবে দেখতে পাওয়াটা সন্তোষজনক, কিন্তু অবাক করার মতো কিছু নয়।”
“তাকে স্কোয়াডে রাখাটা ছিল সহজ সিদ্ধান্ত। আগেও আমি অনেকবার বলেছি, আমাদের মধ্যে যা কথা হয়েছে, তা আমাদের মাঝেই থাকবে। তাকে আমাদের দরকার ছিল এবং সে স্কোরলাইন ২-০ করতে সাহায্য করল, যা আমাদের জন্য ছিল দারুণ ব্যাপার।”
১৬ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে লিভারপুল।
