রেয়ালকে হারিয়ে উচ্ছ্বসিত স্লট বললেন, ‘আরও ভালো হতে পারত’
রেয়াল মাদ্রিদের বিপক্ষে দলের পারফরম্যান্সে খুব খুশি লিভারপুল কোচ।
বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া লিভারপুলের জন্য যেন অনেক বড় স্বস্তি হয়ে এসেছে রেয়াল মাদ্রিদের বিপক্ষে জয়। আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগের খেলার প্রশংসা করেছেন আর্না স্লট। লিভারপুলের দর্শকদের সরব উপস্থিতিতে অনুপ্রেরণা পাওয়ার কথাও বলেছেন দলটির কোচ।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ৬১তম মিনিটে দমিনিক সোবোসলাইয়ের ফ্রি কিকে হেড থেকে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।
প্রিমিয়ার লিগে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে আগের তিন ম্যাচের একটিতে হেরেছে তারা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে দলটি।
এমন ছন্নছাড়া কয়েক সপ্তাহের পর রেয়ালের বিপক্ষে এতটা দাপট দেখিয়ে পাওয়া জয় স্লটের কাছে ভীষণ ইতিবাচক।
“অসাধারণ, কারণ আমরা একটি অবিশ্বাস্য দলের বিপক্ষে খেলেছি। এমন একটি দল যারা অবিশ্বাস্য ছন্দে আছে, (চলতি মৌসুমে) মাত্র একবার হেরেছে, বাকি সব ম্যাচে জয় পেয়েছে। যদি আপনি তাদের বিপক্ষে জিততে পারেন এবং আমরা যেমন করেছি তেমন পারফর্ম করতে পারেন, তাহলে সেটি দারুণ ইতিবাচক।”
“আমাদের জন্য (কিছু) কঠিন সপ্তাহ কেটেছে, প্রতিপক্ষের মাঠে অনেক ম্যাচ, প্রতিটি ম্যাচের মধ্যে খুবই কম বিশ্রাম। তবে এরকম দর্শকের সামনে ও রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারলে সেটা সাহায্য করে। কারণ, আমি মনে করি এটা আমার খেলোয়াড় ও সমর্থকদের সেরাটা বের করে আনে। দুর্দান্ত এক পারফরম্যান্স... হয়তো আরও ভালো হতে পারত।”
কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রকে নিষ্প্রভ রাখার জন্য দলের রক্ষণভাগের প্রশংসা করেছেন ডাচ কোচ।
“ম্যাচের আগে আমি বলেছিলাম, লা লিগায় এখন পর্যন্ত ২৬ গোল করেছে রেয়াল। এমবাপে ও ভিনিসিউস মিলে ২৪টি গোলে অবদান রেখেছে। তাই এই ম্যাচ জিততে চাইলে নিশ্চিত করতে হতো যে, এই দুজনের নাম স্কোরশিটে থাকবে না।”
২২ বছর বয়সী রাইট-ব্যাক কনর ব্র্যাডলির দুর্দান্ত পারফরম্যান্সের কথা আলাদাভাবে বলেছেন স্লট।
“কনর আজ অসাধারণ ছিল। এতবার ‘ওয়ান-অন-ওয়ান’ পরিস্থিতিকে ভিনিসিউসকে সামালানো সহজ কাজ নয়। কিন্তু সে আজ অসাধারণ খেলেছে।”
চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে ৬ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে রেয়াল আছে ৫ নম্বরে।
সবগুলো ম্যাচ জিতে ১২ পয়েন্ট শীর্ষে বায়ার্ন মিউনিখ। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়তে আর্সেনাল।
