দল নিয়ে গর্বিত আর্তেতা, তবে পয়েন্ট হারিয়ে ভীষণ হতাশ
ম্যানচেস্টার সিটির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পরও যে দাপট দেখিয়েছে আর্সেনাল, তাতে মুগ্ধ দলটির কোচ।
বিরল এক দৃশ্যই দেখা গেছে এমিরেটস স্টেডিয়ামে। বল দখল, সুযোগ তৈরি ও গোলের জন্য শট নেওয়ার মতো সূচকগুলোতে পিছিয়ে পেপ গুয়ার্দিওলার দল। এমন দাপুটে ফুটবল খেলার পরও হারতে বসেছিল আর্সেনাল। যোগ করা সময়ের গোলে হার এড়ায় তারা। এত দুর্দান্ত ফুটবল খেলেও জয় না পাওয়ায় ভীষণ হতাশ কোচ মিকেল আর্তেতা, তবে দারুণ খুশি দলের পারফরম্যান্স নিয়ে।
ঘরের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে শিরোপা প্রত্যাশী দুই দলের লড়াই শেষ হয় ১-১ সমতায়। শুরুতে আর্লিং হলান্ড সিটিকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের যোগ করা সময়ে আর্সেনালকে সমতায় ফেরান গাব্রিয়েল মার্তিনেল্লি।
পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় শিরোপাধারী লিভারপুল। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।
পেপ গুয়ার্দিওলার কোচিং করানো কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ বল দখলে রাখার নিজেদেরই রেকর্ড ভেঙেছে আর্সেনাল। ৬৭.২ শতাংশ সময় বল দখলে রাখা দলটির শুরুর একাদশ নিয়ে প্রশ্ন জেগেছিল, আর্তেতা কি আসলেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চান? এবেরেচি এজে, বুকায়ো সাকা ও মার্তিনেল্লির মতো খেলোয়াড়দের তিনি রেখেছিলেন বেঞ্চে।
এ বিষয়ে আলোচনা-সমালোচনাকে উড়িয়ে দিয়ে নিজের দলকে নিয়ে গর্বিত হওয়ার কথা বললেন আর্তেতা।
“সিটি একটি গোল করেছে, এরপর আর কিছুই করতে পারেনি। সবাই ফল পেতে নিজের সেরা চেষ্টা করে, এটা ঠিক আছে। তবে আমরাই খেলা নিয়ন্ত্রণে রেখে দাপট দেখিয়েছি এবং দ্বিতীয়ার্ধেও চিত্র একই ছিল। আমি আমার খেলোয়াড় ও দল নিয়ে দারুণ গর্বিত, তবে ফলাফলে ভীষণ হতাশ।”
গোলের জন্য ১২টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে আর্সেনাল। অন্যদিকে গোলের জন্য মাত্র পাঁচটি শট নিতে পারে সিটি, এর তিনটি ছিল লক্ষ্যে। সফরকারীদের সেরা সুযোগগুলো মুখে মুখেই বলে দিলেন আর্সেনাল কোচ।
“সিটির সুযোগ বলতে একবার কর্নার, একবার প্রতি-আক্রমণ এবং আরেকবার আমাদের ভুলে পাওয়া সুযোগ, এই তো। সিটিকে এতটুকুতে সীমাবদ্ধ রাখতে পারায় ছেলেদের অভিনন্দন।”
