বিশ্বকাপের আগে আবার চোট পেয়েছেন নেইমার
ব্রাজিল তারকার এই চোট বিশ্বকাপের জন্য তার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে ডাক পাওয়ার পর নতুন করে চোট পেয়েছেন নেইমার। ডান পায়ের মাংসপেশির চোটে ভুগছেন ব্রাজিলের সফলতম গোলস্কোরার, যা বিশ্বকাপের জন্য তার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
নেইমারের ক্লাব সান্তোসের মেডিকেল বিভাগ বুধবার তার এই চোটের কথা জানায়। ইতোমধ্যেই তিনি সান লরেন্সোর বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচটি খেলতে পারেননি। গ্রেমিওর বিপক্ষে আসন্ন লিগ ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই।
আগামী বুধবার ব্রাজিল দলে যোগ দেওয়ার আগে এই ফরোয়ার্ডকে এখন দ্রুত সেরে উঠতে হবে। সান্তোস ও ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) উভয়ই তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে।
সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জোর দিয়ে বলেছেন, নেইমারের এই চোট গুরুতর নয়। তার বিশ্বাস, আগামী সপ্তাহে ব্রাজিল দলে যোগ দেওয়ার জন্য তিনি ফিট হয়ে উঠবেন।
গত সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে দলে রাখা হবে কি না, সেটা নিয়েই সবার কৌতূহল ছিল বেশি। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম ঘোষণা মাত্র উল্লাসে-গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে ছিটকে পড়ার পর প্রথমবার জাতীয় দলে ফিরেছেন ১২৮ ম্যাচ খেলা তারকা।
তবে নেইমার নতুন করে চোট পাওয়ায় তাকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন আরও বাড়িয়ে দিয়েছে। কারণ ইতালিয়ান এই কোচ আগেই স্পষ্ট করে বলেছিলেন, শুধুমাত্র পুরোপুরি ফিট খেলোয়াড়দেরই তিনি দলে চান। কোচিং স্টাফের ভেতরের উদ্বেগ মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে যে, এই চোট নেইমারের প্রাথমিক অনুশীলনের সময়সূচি ও মারাকানায় ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে তার অংশগ্রহণে কোনো ব্যাঘাত ঘটায় কি না।
দ্রুত সেরে ওঠার লক্ষ্যে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নেইমার তার ব্যক্তিগত চিকিৎসক দলের সঙ্গে কাজ করছেন।
