Published : 21 Jul 2026, 12:55 PM
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই মেজর লিগ সকারের বিরতি শেষ হয়ে গেছে। শুরু হয়েছে মাঠের লড়াই। ইন্টার মায়ামিও শুরু করতে যাচ্ছে অভিযান। তবে লিওনেল মেসি ও রদ্রিগো দে পল এখনই ফিরছেন না ক্লাবের জার্সিতে। বিশ্বকাপ শেষে আপাতত বিশ্রামে থাকবেন দুই আর্জেন্টাইন তারকা।
ইএসপিএন সোমবার জানায়, ইন্টার মায়ামির অন্তত দুটি ম্যাচে খেলবেন না মেসি ও দে পল।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের সবকটিতেই মাঠে নেমেছেন মেসি ও দে পল। একটি ছাড়া সব ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি এবং ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচে পুরো ১২০ মিনিট খেলেছেন।
ইএসপিএনের প্রতিবেদন বলছে, এমএলএস অল-স্টার ম্যাচের জন্য নির্বাচিত হলেও আগামী ২৯শে জুলাই লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না এই দুজন।
মেজর লিগ সকার কর্তৃপক্ষে অনুমতি ছাড়া গত বছর এই অল-স্টা ম্যাচটি না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মেসি। এবার ইন্টার মায়ামির পক্ষ থেকে কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে, মেসি এবারের ম্যাচটিতে খেলতে পারবেন না।
স্বাস্থ্যগত কারণে প্রতিটি মৌসুম শেষে অন্তত ২১ দিনের বিশ্রামের সুপারিশ করেছে পেশাদার ফুটবল খেলোয়াড়দের বিশ্বব্যাপী প্রতিনিধিত্বকারী সংস্থা ফিফপ্রো। বিশ্বকাপের জন্য ম্যাচগুলোর মধ্যে ৭২ ঘণ্টার বিশ্রামের বিষয়ে ফিফা এবং ফিফপ্রো সম্মত হয়েছে গত বছর।
বিশ্বকাপের জন্য গত ২৬ মে থেকে বিরতিতে ছিল মেজর লিগ সকার। গত শুক্রবার থেকে আবার শুরু হয় খেলা। বিরতির পর মায়ামির প্রথম ম্যাচ বুধবার, পরেরটি শনিবার। এই দুই ম্যাচে মেসি ও দে পল থাকছেন না নিশ্চিতভাবেই।
১ আগস্ট ঘরের মাঠে কলম্বাসের বিপক্ষে খেলবে মায়ামি, এরপর ৫ থেকে ১২ আগস্ট পর্যন্ত লিগস কাপে অংশ নেবে এবং ১৫ অগাস্ট আবার ফিরবে মেজর লিগ সকারে। চোট-টোট না থাকলে এই ২১ দিনের মধ্যে মেজর লিগ সকারের তিনটি ম্যাচে খেলতে পারবেন না মেসি ও দে পল।
বিশ্বকাপে এবার ফাইনালের আগ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। গোল করেছেন তিনি এবার আটটি, অ্যাসিস্ট চারটি।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মায়ামি। ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ন্যাশভিল।