একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান
ফেডারেশন কাপের গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে শিরোপাধারী বসুন্ধরা কিংস।
ফেডারেশন কাপের এবারের গ্রুপ পর্বেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে আবাহনী ও মোহামেডান। ঘরোয়া ফুটবলের এই দুই দল পড়েছে একই গ্রুপে। শুরুর পথচলায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বসুন্ধরা কিংস।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বুধবার ২০২৪-২৫ মৌসুমের ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপে মোট ১০ দল খেলবে।
‘এ’ গ্রুপে শিরোপাধারী কিংসের সাথে আছে বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স।
এই গ্রুপে কিংস ছাড়া কেবল ব্রাদার্সেরই ফেডারেশন কাপ জয়ের অভিজ্ঞতা আছে। অবশ্য তিন শিরোপার সবশেষটি গোপীবাগের দলটি জিতেছিল ২০০৫ সালে।
‘বি’ গ্রুপের পাঁচ দল মোহামেডান, আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
এই প্রতিযোগিতায় রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী। সবশেষ এই ট্রফি তারা উঁচিয়ে ধরেছিল ২০২১-২২ মৌসুমে রহমতগঞ্জকে হারিয়ে।
১১ শিরোপা নিয়ে তালিকায় আবাহনীর পরেই আছে মোহামেডান। সবশেষ ২০২২-২৩ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের টাইব্রেকারে হারিয়েই তারা এই স্বাদ নিয়েছিল।
ঘরোয়া ফুটবলে নতুন পরাশক্তি হয়ে ওঠা কিংস এই প্রতিযোগিতায়ও গত কয়েক বছর ধরে আধিপত্য করছে। সবশেষ পাঁচ আসরের মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার কিংসের মিশন মুকুট ধরে রাখার।
