ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলা কোচ ফিরছেন নতুন পরিচয়ে
দুই বছর পর কোচিংয়ে ফিরতে যাচ্ছেন এদিন তেরজিচ।
বরুশিয়া ডর্টমুন্ড অধ্যায় শেষে দীর্ঘদিন থমকে ছিল এদিন তেরজিচের কোচিং ক্যারিয়ার। দুই বছর পর নতুন করে গতি পেল তার পথচলা। আথলেতিক বিলবাওয়ের দায়িত্ব নিলেন তিনি।
আগামী মৌসুম থেকে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে কাজ শুরু করবেন তেরজিচ। ৪৩ বছর বয়সী জার্মান কোচের সঙ্গে চুক্তির বিষয়টি মঙ্গলবার জানিয়েছে বিলবাও।
এর্নেস্তো ভালভের্দের স্থলাভিষিক্ত হবেন তেরজিচ। ভালভের্দের কোচিংয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বিলবাও।
তেরজিচের কোচিংয়ে ২০২১ সালে জার্মান কাপ জেতে ডর্টমুন্ড। ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের দুয়ারে ছিল তারা। কিন্তু ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
হৃদয়ভাঙা ওই হারের কিছুদিন পরই ডর্টমুন্ডের দায়িত্ব ছেড়ে দেন তেরজিচ। এরপর আর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হননি তিনি। আগামী মৌসুম থেকে নতুন অধ্যায় শুরু হবে তার।
