২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসের এই অর্জন ‘গোটা জাতির জন্য স্পেশাল’

ফ্রান্স, স্পেন, ইংল্যান্ডের মতো দলের সঙ্গে সেমি-ফাইনালে জায়গা করে নিতে পেরে দলকে নিয়ে গর্বিত নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কুমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 11:48 AM

Updated : 26 Aug 2026, 09:56 AM

গ্রুপ পর্বে অস্ট্রিয়া কাছে হারার পর ভুলের তালিকা করেছিলন রোনাল্ড কুমান। নিশ্চয়ই সেসবের সমাধান তিনি বের করতে পেরেছিলেন। এজন্যই এখন প্রাপ্তির ঝুলিতে তৃপ্তিভরে তাকাচ্ছেন নেদারল্যান্ডস কোচ। গোটা জাতির জন্য আনন্দের উপলক্ষ এনে দেওয়ায় দলকে নিয়ে তিনি গর্বিত।

এবারের ইউরোর শেষ কোয়ার্টার-ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেছে নেদারল্যান্ডস।

এমনিতে বিশ্বের প্রধান ফুটবল খেলুড়ে দেশগুলির একটি তারা। ইউরোর সেমি-ফাইনালে ওঠা তাই অভাবনীয় কিছু নয়। তারপরও কুমান উচ্ছ্বসিত। এই অর্জনও যে ধরা দিল ২০ বছর পর! 

গত ইউরোতে তারা ছিটকে পড়েছিল শেষ ষোলো থেকেই। ২০১৬ আসরে তো বাছাইপর্বই উতরাতে পারেনি। ২০১২ ইউরোতে তারা বাদ পড়ে গ্রুপ থেকেই, ২০০৮ আসরে কোয়ার্টার-ফাইনালে। সবশেষ তারা সেমি-ফাইনালের দেখা পেয়েছিল সেই ২০০৪ সালে।

এবার গ্রুপ পর্ব পেরোতে পারে তারা সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলির একটি হিসেবে। সেখান থেকে সেমি-ফাইনালে আসতে পারাকে একটা অর্জন বলতেই হবে। সেই আন্ন্দই ফুটে উঠল কুমানের কণ্ঠে।

“গোটা জাতির জন্য এটা স্পেশাল কিছু। আমরা ছোট্ট একটি দেশ, অথচ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের সঙ্গে সেমি-ফাইনালের অংশ আমরা… ফাইনালের লড়াইয়ে থাকার সুযোগ করে নিতে পেরে আমরা সত্যিই গর্বিত।”

গ্রুপ পর্বের ধাক্কা সামলে যেমন নিজেদের গুছিয়ে নিতে হয়েছে ডাচদের, তেমনি ঘুরে দাঁড়ানোর আখ্যান রচনা করতে হয়েছে কোয়ার্টার-ফাইনালেও। প্রথমার্ধে এগিয়ে ছিল তুরস্ক। কিন্তু ডাচরা হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে দলের মধ্যে যে সাহস, তাড়না ও হার না মানা মানসিকতা দেখিয়েছে দল, তাতে দারুণ সন্তুষ্ট কোচ।  

“আজকে আমাদেরকে অনেক ভুগতে হয়েছে। তবে এই ধরনের টুর্নামেন্টে সহজ পথ বলে কিছু নেই। ছেলেরা আজকে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে। সত্যিকার অর্থেই আবেগময় এক ম্যাচ ছিল এবং ছেলেরা বিশাল হৃদয়ের ছাপ রেখেছে।”

“কখনও কখনও আমরা সমালোচিত হই এসব কারণে যে, অন্য দলগুলির তুলনায় আমাদের এটা নেই, সেটা নেই। কিন্তু আজকে প্রথমার্ধে পিছিয়ে থাকার পর এই ছেলেরা দেখিয়েছে, তাদের হৃদয় কতটা বড় এবং দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে।”

ইউরোতে নেদারল্যান্ডসের সেরা সাফল্যের স্বাক্ষী এই কুমান। ১৯৮৮ ইউরোতে চ্যাম্পিয়ন হওয়া দলের ডিফেন্ডার ছিলেন তিনি। ইউরোপ-সেরার মঞ্চে ডাচদের সেরা ধারাবাহিকতা ছিল পরের সময়টায়। কিন্তু ফাইনালের মঞ্জে আর পা রাখা হয়নি তাদের। ১৯৯২ আসরে তারা সেমি-ফাইনালে খেলে, ১৯৯৬ সালে কোয়ার্টার-ফাইনালে। এরপর ২০০০ ও ২০০৪ আসরে টানা সেমি-ফাইনালে।

এবার ফাইনালের পথে ডাচদের বাধা ইংল্যান্ড। তাদেরকে সমীহ জানিয়েই নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী কুমান। 

“ইংল্যান্ডের দারুণ সব ফুটবলার আছে। তবে আমাদেরও আছে। ডর্টমুন্ডে খেলতে হবে আমাদের, সবচেয়ে সুন্দর ফুটবল স্টেডিয়ামগুলোর একটি এটি। নেদারল্যান্ডসের অনেক কাছে এটি, আশা করি এতেও পার্থক্য গড়া হবে।”