এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ: বাছাইয়ে ইরানের গ্রুপে বাংলাদেশ
একই দিনে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের ড্রও অনুষ্ঠিত হয়েছে।
এএফসি উইমেন’স অনূর্ধ্ব-১৭ ও ২০ এশিয়ান কাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের বাছাইয়ে ইরানের গ্রুপে পড়েছে বাংলাদেশ।
দুটি প্রতিযোগিতার বাছাইয়ের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইরান ও বাংলাদেশের সঙ্গে ‘এইচ’ গ্রুপে আছে তুর্কমেনিস্তান।
আগামী বছরের ১০ মার্চ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের বাছাই শুরু করবে বাংলাদেশ। ১২ মার্চ খেলবে ইরানের বিপক্ষে।
অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। মূল পর্বে ওঠার লড়াইয়ে গোলাম রব্বানী ছোটনের দলের প্রতিপক্ষ সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও তুর্কমেনিস্তান।
এ বাছাইয়ে বাংলাদেশ পথচলা শুরু করবে আগামী বছর ২৬ এপ্রিল তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত ও ৩০ এপ্রিল সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে দল।
দুটি বাছাইয়ের আয়োজক ও ভেন্যু নির্ধারিত হয়নি এখনও।
দুটি প্রতিযোগিতার মূলপর্ব অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ আয়োজন করবে উজবেকিস্তান এবং ১৭ বয়সীদের আসর হবে ইন্দোনেশিয়াতে।
দুটি প্রতিযোগিতার বাছাইয়ের ফরম্যাট একই। বাছাইয়ের আট গ্রুপের সেরা দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে মূল পর্বের টিকেট।
