Published : 19 May 2026, 10:37 PM
কব্জির চোটের কারণে এই বছরের উইম্বলডনে খেলতে পারবেন না কার্লোস আলকারাস। একই কারণে এর আগে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ান এই স্প্যানিশ তারকা।
সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন আলকারাস গত মাসের শুরুতে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে চোট পান এবং টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। পরে মাদ্রিদ ওপেন, ইতালিয়ান ওপেন ও ফরাসি ওপেন থেকেও সরে দাঁড়ান ২২ বছর বয়সী খেলোয়াড়।
এবার উইম্বলডন থেকে নাম প্রত্যাহারের কথা মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানান এখানে ২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন আলকারাস।
“আমার সেরে ওঠার প্রক্রিয়া ভালোভাবে চলছে এবং এখন অনেক ভালো বোধ করছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও প্রতিদ্বন্দ্বিতার জন্য আমি প্রস্তুত নই, যে কারণে কুইন্স ও উইম্বলডনের ঘাসের কোর্টের আসর থেকে নিজেকে সরিয়ে নিতে হচ্ছে।”
“এই দুটি টুর্নামেন্ট আমার জন্য সত্যিই বিশেষ কিছু এবং এগুলোকে খুব মিস করব। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার জন্য আমরা কাজ চালিয়ে যাব।”
বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা উইম্বলডন হবে আগামী জুন-জুলাইয়ে।
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে এবং সর্বকনিষ্ঠ পুরুষ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়ে এই বছর শুরু করেন আলকারাস। আরও এগিয়ে যাওয়ার জন্য উন্মুখ ছিলেন তিনি। কিন্তু চোট সবকিছু এলোমেলো করে দিল।
গত মাসে ইয়ানিক সিনারের কাছে র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও হারান আলকারাস। এখন র্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়তে যাচ্ছেন তিনি।